বিশেষ প্রতিনিধি
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, রাজনৈতিক ইন্ধন দিয়ে লোক ভাড়া করে এনে বিভিন্ন জায়গায় সংগঠিত করে ত্রাণের জন্য বিক্ষোভের আয়োজন করা হচ্ছে, যা কোনোভাবেই উচিত নয়, এটা বন্ধ করুন। গতকাল দুপুরে রাজধানীর মিন্টো রোডে সরকারি বাসভবনে সমসায়িক বিষয়ে দেওয়া বক্তব্যে মন্ত্রী বলেন, আপনারা দেখেছেন, গত কয়েক দিনে দেশের বিভিন্ন জায়গায় ত্রাণের জন্য বিক্ষোভের ঘটনা সংবলিত খবর বিভিন্ন গণমাধ্যমে দেখা গেছে। যারা বিক্ষোভ-সমাবেশ করছে তাতে রাজনৈতিক ইন্ধন রয়েছে।
তথ্যমন্ত্রী বলেন, বিএনপি সহযোগিতা করতে জনগণের পাশে দাঁড়ায়নি। কয়েকটি স্থানে কিছু ত্রাণসামগ্রী বিতরণ করে এবং ফটোসেশনে সরকারের সমালোচনাতেই তারা ব্যস্ত। তিনি করোনা ভাইরাস সংক্রমণ সংকট পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১২ বিলিয়ন ডলারের পরিকল্পনার কথা উল্লেখ করে বলেন, আমরা সবাইকে সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। সরকার ৫০ লাখেরও বেশি পরিবারকে ১০ টাকা কেজি দরে প্রতি মাসে ত্রিশ কেজি করে চাল দিচ্ছে বছরে ৭ মাস। আরো ৫০ লাখ পরিবারের তালিকা করে রেশন কার্ড দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী করোনা পরিস্থিতিতে সরকার এবং দলের পক্ষ থেকে পৃথকভাবে খাদ্যসামগ্রী বিতরণের জন্য ৭০ হাজার জনপ্রতিনিধি ও প্রশাসনকে নির্দেশনা দিয়েছেন।
তথ্যমন্ত্রী বলেন, ত্রাণসহায়তার ক্ষেত্রে যারা দুর্নীতি ও অপরাধ করবে তাদেরকে কঠোরভাবে দমন করার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে যে সব চেয়ারম্যান, মেম্বার এসব দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে বেশ কয়েক জন বিএনপি ও জাসদসহ বিভিন্ন দলের চেয়ারম্যান-মেম্বার রয়েছেন।