ঝুঁকিভাতাসহ সাংবাদিকদের বকেয়া বেতন পরিশোধের দাবি ডিইউজের

ইত্তেফাক রিপোর্ট

এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ পার হয়ে যাওয়ার পরও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের মার্চ মাসের বেতন পরিশোধ না করায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি কুদ্দুস আফ্রাদ ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু। গতকাল শুক্রবার এক বিবৃতিতে ডিইউজে নেতারা এ উদ্বেগ জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ‘ইতিমধ্যে সারাদেশে ১৬ জন সাংবাদিক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। যার মধ্যে ৯ জনই ঢাকার। অনেকের পরিবারের সদস্যরাও এই ভাইরাসে আক্রান্ত। প্রচণ্ড স্বাস্থ্যঝুঁকি ও অনিশ্চয়তার মধ্যে কাজ করে গেলেও বহু গণমাধ্যম প্রতিষ্ঠান এখনো সাংবাদিক-কর্মচারীদের বেতন-ভাতাদি পরিশোধ করেনি। এমনকি বহু প্রতিষ্ঠানে দীর্ঘদিনের বকেয়াও আটকে আছে। উপরন্তু নানা অজুহাত দেখিয়ে কয়েকটি দৈনিকের প্রিন্ট ভার্সন ইতিমধ্যে বন্ধ করা হয়েছে। কোনো কোনো প্রতিষ্ঠান আবার বেতন কমিয়ে আনারও পাঁয়তারা করছে।

ডিইউজে নেতৃবৃন্দ বলেন, ডিইউজে দাবি জানাচ্ছে—দুর্যোগকালীন সময়ে কর্মরত সাংবাদিকদের প্রতি কর্মদিবসের জন্য বাড়তি এক দিনের সমপরিমাণ ঝুঁকিভাতা গণমাধ্যম মালিকদের প্রদান করতে হবে। নিকট অতীতেও হরতালের মতো রাজনৈতিক কর্মসূচিতে দায়িত্বপালনকারীদেরও ঝুঁকিভাতা প্রদান করা হতো।’ বিবৃতিতে করোনা ভাইরাসের জন্য দেশব্যাপী ছুটি চলাকালে সাংবাদিকদের নিরাপদে কর্মস্থলে আনা-নেওয়ার জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করার দাবিও জানান ডিইউজের নেতারা।

এছাড়া মার্চ মাসের বেতন এপ্রিলের তৃতীয় সপ্তাহের মধ্যে বকেয়াসহ পরিশোধ করা না হলে, ডিইউজে পরবর্তী পদক্ষেপ নেওয়াসহ সরকারের সংশ্লিষ্ট মহলে বিষয়টি অবগত করতে বাধ্য হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।