স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে করোনা চিকিত্সাসেবায় নিয়োজিত চিকিত্সক, নার্সদের থাকার ব্যবস্থা করলেন জেলার দুই সংসদ সদস্য এ কে এম শামীম ও সেলিম ওসমান। গতকাল শুক্রবার থেকে হাসপাতালের সকল চিকিত্সক নারায়ণগঞ্জ ক্লাব ও সকল নার্স জেলা পরিষদের ডাকবাংলোতে বসবাস করবেন বলে জানিয়েছেন ৩০০ শয্যার আবাসিক চিকিত্সক ডা. সামসুদ্দোহা সঞ্চয়। জানা যায়, করোনা চিকিত্সায় নিয়োজিত চিকিত্সক ও তাদের পরিবারের নিরাপত্তার কথা ভেবে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের জন্য অস্থায়ী বাসস্থানের জন্য চেষ্টা করছিল কিন্তু তা সম্ভব হচ্ছিল না। এমন সময় নারায়ণগঞ্জ-৪ ও ৫ আসনের সংসদ সদস্য দুই ভাই এ কে এম শামীম ও সেলিম ওসমান চিকিত্সকদের জন্য এ ব্যবস্থা করেন। ’