চট্টগ্রাম মহানগরীতে ত্রাণের আশায় প্রতিদিনই নগরীর যত্রতত্র মানুষ ভিড় করছে। এসব মানুষের মধ্যে রয়েছে কর্মহীন দিনমজুর, ভাসমান ছিন্নমূল মানুষ, লকডাউন শুরু হওয়ার পর বিভিন্ন বাসাবাড়ি থেকে সাময়িকভাবে কাজ থেকে বিদায় করে দেওয়া গৃহকর্মী। ত্রাণপ্রত্যাশী মানুষের এই ভিড় অপসারণে পুলিশকে প্রায়ই তত্পরতা চালাতে হচ্ছে।
প্রতিদিনই এসব মানুষ ত্রাণ না পেয়ে ফিরে যাচ্ছে বলে তাদের কেউ কেউ অভিযোগ করেন। তারা জানান, নগরীর ৪১টি ওয়ার্ডের কোথাও না কোথাও ত্রাণপ্রার্থী মানুষেরা প্রতিদিনই ত্রাণের আশায় ভিড় করে, আবার পুলিশের বাধার মুখে ফিরে যায়। এ ব্যাপারে চট্টগ্রাম সিটি করপোরেশনের কর্মকর্তা শফিকুল ইসলাম যিশু ইত্তেফাককে বলেন, সিটি মেয়রের তত্ত্বাবধানে ওয়ার্ড কাউন্সিলরদের মাধ্যমে প্রতিদিনই ত্রাণ বিতরণ করা হচ্ছে। বিতরণকৃত ত্রাণের মধ্যে রয়েছে চাল, ডাল, তেল ও আলু। অপরদিকে চট্টগ্রাম জেলা প্রশাসকের স্টাফ অফিসার মাসুদুর রহমান ইত্তেফাককে বলেন, জেলা প্রশাসন মাঠে সরাসরি ত্রাণ বিতরণ করছে না। তবে প্রশাসনের একটি হটলাইন নম্বর এরই মধ্যে সবাইকে দেওয়া হয়েছে, যারা এই নম্বরে যোগাযোগ করছে তাদের প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে। সরকারি ত্রাণ জেলা প্রশাসন সিটি করপোরেশনে দিচ্ছে। করপোরেশন মেয়রের তত্ত্বাবধানে কাউন্সিলরদের মাধ্যমে বিতরণ করা হচ্ছে।