করোনা ভাইরাস সংকটে জীবিকার ঝুঁকিতে থাকা দেশের ৫০টি জেলায় আরো ১ লাখ পরিবারের জন্য খাদ্যসহায়তা কার্যক্রম শুরু করেছে ব্র্যাক। দুই সপ্তাহের জন্য ন্যূনতম খাদ্য উপকরণ কিনতে প্রতি পরিবারকে ১ হাজার ৫০০ টাকা করে মোট ১৫ কোটি টাকা দেওয়া হবে। গত বুধবার এই কার্যক্রম শুরু হয়েছে। এর আগে ব্র্যাক প্রথম পর্বে নিজস্ব তহবিল থেকে ১ লাখ দরিদ্র পরিবারকে সমপরিমাণ অর্থসহায়তা দেয়, যা সম্প্রতি শেষ হয়েছে। এবারের খাদ্যসহায়তা কার্যক্রমে ব্র্যাকের সঙ্গে থাকছে অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্যবিষয়ক অধিদপ্তর (ডিএফএটি), গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা (জিএসি) ও ব্র্যাক ব্যাংক।
ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্ বলেন, এরই মধ্যে ব্র্যাক স্বাস্থ্যসম্মত ও কুটিরশিল্পভিত্তিক পদ্ধতিতে পুনর্ব্যবহারযোগ্য মাস্ক ও সুরক্ষা পোশাক উত্পাদন শুরু করেছে। এরই মধ্যে প্রায় সাড়ে ৩ লাখ পুনরায় ব্যবহারযোগ্য মাস্ক এবং ২ হাজার ১৫০টি সুরক্ষা পোশাক বিতরণ করা হয়েছে।