ভারতীয় নৌঘাঁটিতে করোনার হানা, আক্রান্ত ২১

ভারতের মুম্বাইয়ের একটি নৌঘাঁটিতে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস। এই ভাইরাসে পশ্চিম মুম্বাইয়ে অবস্থিত ওই নৌঘাঁটিতে ২১ জন করোনায় আক্রান্ত হয়েছেন।  

শনিবার একটি বিবৃতিতে ভারতীয় নৌবাহিনীর পক্ষ থেকে বলা হয়, আইএনএস আংগ্রি ঘাঁটিতে ২১ জনের শরীরে করোনা শনাক্ত করা হয়েছে। তবে কোন জাহাজ অথবা সাবমেরিনের কেউ করোনা আক্রান্ত নেই বলেও ভারতীয় নৌবাহিনীর পক্ষ থেকে বলা হয়। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, করোনা পজিটিভ ধরা পড়ার সঙ্গে সঙ্গে ওই ২১ জনকে  শহরের একটি নৌ হাসপাতালে কোয়ারান্টাইন করা হয়েছে। ইতিমধ্যেই ওই নাবিকরা কাদের সংস্পর্শে এসেছেন সে বিষয়েও চুলচেরা বিশ্লেষণ করা হচ্ছে ও খোঁজ চালানো হচ্ছে । জানা গেছে, করোনায় আক্রান্ত ২১ জন নৌসেনার শরীরে প্রাথমিকভাবে করোনা সংক্রমণের কোনও লক্ষণই দেখা যায়নি। গত ৭ এপ্রিল এক নাবিকের শরীরে করোনা পজিটিভ ধরা পড়ে। পরে পরীক্ষা করে এই ২১ জনের  শরীরেও রোগটি শনাক্ত করা হয়।   

ভারতে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৯০৬ জন। মারা গেছেন ৪৮০ জন। 

ইত্তেফাক/এআর