রংপুর মহানগরীতে কাজ, খাদ্য ও কমদামে টিসিবি পণ্য বিক্রির দাবিতে নগরীর সরেয়াতল এলাকায় রংপুর-গাইবান্ধার সুন্দরগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকার শত শত কর্মহীন সহায় সম্বলহীন দরিদ্র মানুষ। আজ শনিবার (১৮ এপ্রিল) এ অবরোধ করেন তারা।
প্রায় দুই ঘণ্টা সড়কে সকল যান চলাচল বন্ধ ছিলো। খবর পেয়ে পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে এসে খাদ্য সরবরাহ করার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা।
বিক্ষোভকারীরা জানান, রংপুর মহানগরীর ৩৩ নম্বর ওয়ার্ডের শত শত মানুষ কাজ ও খাদ্যের দাবিতে মহাসড়ক অবরোধ শুরু করে। তারা বলেন, ২৫ দিন ধরে কর্মহীন অবস্থায় রয়েছে। কাজ না থাকায় পরিবার পরিজন নিয়ে অনাহারে মানবেতরভাবে দিন কাটছে তাদের। তাদের কোন খাদ্য সাহায্য দেয়া হয়নি।
খবর পেয়ে মাহিগঞ্জ থানার ওসি আতারুজ্জামান নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ঘটনাস্থলে এসে বিক্ষোভকারীদের সাথে কথা বলেন। তাদের দাবি টিসিবির পণ্য বিক্রির ব্যবস্থা ও খাদ্য সরবরাহ করার আশ্বাস দেন।
আরো পড়ুন: গোপালগঞ্জে হাঁচি-কাশিতে এক ব্যক্তির মৃত্যু, নমুনা সংগ্রহ
ওসি আতারুজ্জামান জানান, আমরা তাদের দাবি মেনে নিয়েছি। জরুরি ভিত্তিতে তাদের খাদ্য সরবরাহ করার ব্যবস্থা নেয়া হচ্ছে এবং সেই সাথে টিসিবি পণ্য বিক্রি করার আশ্বাস দেয়া হয়েছে।
ইত্তেফাক/এএএম