‘শিল্পীর সম্মান ও অধিকার চাই’

 

বিশ্বের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রায় সব তারকা তাদের ফেসবুকে পোস্ট করছেন। সম্প্রতি জনপ্রিয় অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি লেখেন ‘করোনায় কারও করুণা চাই না, শিল্পীর সম্মান ও অধিকার চাই।’

তিনি বলেন, ‘আমাদের দেশে এই পেশার লোকদের আদৌ কেউ সম্মান করে কি-না, সে বিষয়ে আমি যথেষ্ট সন্দিহান! কিন্তু সামাজিক দায়িত্ব, সমাজ সচেতনতা এগুলোতে অংশগ্রহণ না করলে আবার দারুণ অপরাধ হয় আমাদের। কোটি টাকা বাজেটের কোনো সরকারি-বেসরকারি প্রজেক্টে অভিনয়শিল্পীকে ফ্রি সচেতনতামূলক বাণী দিতে হবে! না হলে শিল্পীর সামাজিক দায়বদ্ধতা থাকলো কই। কোটি টাকার বাজেট হলেও শিল্পীর জন্য একেবারেই রাখা যাবে না। বাকি টাকাটা হাওয়ায় উড়ে যাবে। আর শিল্পীরা শুধু হাওয়া খেয়ে বাঁচবে!’

জ্যোতি জানান, একজন প্রফেশনাল শিল্পীর মূল আয়ের উত্স অভিনয় বা শুটিং। তাও আবার সেটা দিন হিসেবে কাউন্ট হয়, দিনমজুরের মতো। শুটিং বন্ধ, তাই শিল্পীদের আয় বন্ধ। এই শুটিং কবে নাগাদ শুরু হবে, সেটিরও কোনো নিশ্চয়তা নেই। এমন পরিস্থিতিতে শিল্পীদের মতো দিন এনে দিন খাওয়া মানুষের ভবিষ্যত্ নিয়ে শঙ্কিত এই অভিনেত্রী।