স্পোর্টস রিপোর্টার
গত জুলাইয়ে বছরে ১০০ দিন চুক্তির ভিত্তিতে ড্যানিয়েল ভেট্টোরিকে স্পিন কোচ নিয়োগ দিয়েছিল বিসিবি। নিউজিল্যান্ডের এই সাবেক বাঁহাতি স্পিনার অবশ্য টাইগার শিবিরে কাজ করতে শুরু করেন গেল বছর অক্টোবর থেকে।
দিন প্রতি আড়াই হাজার ডলার বেতনে বিসিবির সঙ্গে চুক্তি করেছেন ভেট্টোরি। তার সঙ্গে বিসিবির চুক্তির মেয়াদ ২০২০ আইসিসি টি-২০ বিশ্বকাপ পর্যন্ত। অস্ট্রেলিয়ায় আগামী অক্টোবরে বসছে টি-২০ বিশ্বকাপের আসর।
করোনা ভাইরাসের কারণে এখন গোটা দুনিয়ায় ক্রিকেটীয় সব কার্যক্রম স্থগিত। একের পর এক আন্তর্জাতিক সিরিজ স্থগিত হচ্ছে। হুমকির মুখে রয়েছে এশিয়া কাপ, টি-২০ বিশ্বকাপ। ইতিমধ্যে বাংলাদেশের আয়ারল্যান্ড সফর, অস্ট্রেলিয়া সিরিজ স্থগিত হয়ে গেছে করোনার প্রভাবে। অনিশ্চয়তা বিরাজ করছে শ্রীলঙ্কা সফর, নিউজিল্যান্ড সিরিজ নিয়েও। আপাতত এটুকু পরিষ্কার আগামী জুন-জুলাইয়েও হয়তো আন্তর্জাতিক ক্রিকেটে নামতে পারবে না বাংলাদেশ দল। করোনা পরিস্থিতি তেমনই আভাস দিচ্ছে।
সেক্ষেত্রে নির্ধারিত এক বছর সময়কালে ভেট্টোরির ১০০ দিন কার্যদিবস পূরণ হওয়া খুব কঠিন। প্রশ্ন উঠেছে বিসিবি কি ভেট্টোরিকে ১০০ দিনের বেতন তথা ২ লাখ ৫০ হাজার ডলারই দিবে? নাকি যে কিছু দিন ভেট্টোরি কাজ করেছেন, ঠিক ততদিনের বেতনই পাবেন সাবেক এই কিউই অধিনায়ক। তাছাড়া চুক্তির মেয়াদ বাড়িয়ে ১০০ দিনের কাজ সমন্বয় করবে কী না বিসিবি-ভেট্টোরি।
বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন গতকাল জানিয়েছেন, যতদিন কাজ করবেন ততদিনের বেতনই পাবেন ভেট্টোরি। করোনা পরিস্থিতির কারণে তার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানো বিষয়ে এখনই কিছু ভাবছে না বিসিবি।
জানা গেছে, বিসিবির সঙ্গে ভেট্টোরি কাজ করেছেন এক মাসের বেশি কিছু সময়। গতকাল নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেছেন, ‘যার সঙ্গে যেভাবে চুক্তি আছে সেভাবেই তারা বেতন পাবেন। এখানে সে (ভেট্টোরি) প্রকৃত অর্থে যতদিন কাজ করবে, ততদিনের বেতনই পাবে।’
এছাড়া জাতীয় দলের অন্য কোচিং স্টাফদের মধ্যে যারা লম্বা সময়ের চুক্তিতে আছেন তারা মাসিক বেতন পাবেন নিয়মিত।
উল্লেখ্য, গত বছর ২৫ অক্টোবর বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিয়েছিলেন ভেট্টোরি। ভারত সফরের অনুশীলন ক্যাম্পে ছিলেন তিনি। পরে গত নভেম্বরে ভারত সফরে দলের সঙ্গে ছিলেন ভেট্টোরি। নতুন বছরের শুরুতে পাকিস্তান সফরে মাহমুদউল্লাহ-মুমিনুলদের সঙ্গী হননি তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজে কিছু দিন কাজ করেছেন তিনি। জাতীয় দলের বাইরে তরুণ কয়েক জন স্পিনারকে নিয়ে বেশ কিছু সেশন করেছেন ভেট্টোরি। সিরিজের মাঝপথেই দেশে ফিরে যান তিনি।