স্পোর্টস রিপোর্টার
করোনা ভাইরাসের দুনিয়াটা যেন লন্ডভন্ড। মানুষের জীবন নিয়ে টানাটানি। আর এই মুহূর্তে খেলাধুলার কথা কে বলবে। পৃথিবীজুড়ে খেলাধুলার জায়গাটা যেন সংকুচিত হয়ে গেছে। তারপরও শোনা যাচ্ছে পৃথিবীর কোথাও কোথাও ফুটবল শুরু হতে যাচ্ছে। বাংলাদেশের ফুটবল নিয়েও ভাবা হচ্ছে না এমনটাও বলা যাবে না। কারণ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনিও খেলোয়াড় এবং ক্লাব চুক্তি নিয়ে কথা বলেছেন। কারণ অনেক দেশের লিগের মাঝ পথেই বন্ধ হয়ে গেছে। কবে লিগ শুরু হবে তারও কোনো নিশ্চয়তা নেই। এরই মধ্যে খেলোয়াড়দের চুক্তির সময় সীমাও অতিক্রম করবে। করোনা পরিস্থিতিতে সংকট কাটিয়ে উঠার পরই খেলাও শুরু হবে। তার আগেই হয়তো খেলোয়াড়দের সঙ্গে ক্লাবের যে চুক্তি হয়েছে সেটাও শেষ হয়ে যাবে। এই পরিস্থিতিতে ক্লাবগুলো মহাসংকটে পড়বে। ফিফা সভাপতি ক্লাবগুলোর পক্ষেই কথা বলেছেন। গত শুক্রবার সন্ধ্যায় বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানিয়েছেন লিগ যখনই শুরু হোক চুক্তি লিগ শেষ পর্যন্ত থাকবে। ফিফার এমন গাইডলাইন দেওয়া আছে। তিনি জানিয়েছেন, ফিফার গাইডলাইন ক্লাবে ক্লাবে পাঠানো হয়েছে। ক্লাবগুলোর মন্তব্য জানার জন্য গত ১৪ এপ্রিল ১৩ ক্লাবে পাঠানো চিঠির মতামত জানাতে সময় দেওয়া হয়েছে ২০ এপ্রিল পর্যন্ত। আর গতকাল জানিয়েছেন, কোনো ক্লাবই এখন পর্যন্ত চিঠির জবাব দেয়নি। সোহাগ বললেন, ‘চিঠি পাঠিয়ে মতামত জানাতে হবে তাও না। ফোনে জানালেও চলবে। আর ২০ এপ্রিল সময় দেওয়া হলেও সেটিও দুই-একদিন বাড়বে।’