প্রশ্নবিদ্ধ ২০২১ অলিম্পিকও!

স্পোর্টস ডেস্ক

করোনা ভাইরাসের কারণে চলতি বছর অনুষ্ঠেয় টোকিও অলিম্পিক এক বছর পিছিয়ে দেওয়া হয়েছে বেশ কিছুদিন আগেই। তবে ভ্যাকসিন আবিষ্কার না হলে আগামী বছরও এটি আয়োজন সম্ভব হবে না বলে শঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্যবিজ্ঞানীরা।

এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের বিশ্বস্বাস্থ্য বিভাগের প্রধান প্রফেসর দেবী শ্রীধর জানিয়েছেন, কার্যকর ও সাশ্রয়ী চিকিত্সা পদ্ধতির আবিষ্কার হওয়া না হওয়া বড়ো ভূমিকা পালন করবে ২০২১ টোকিও অলিম্পিক অনুষ্ঠিত হওয়ায়। তিনি বলেন, ‘বিজ্ঞানীদের কাছ থেকে আমরা শুনছি এমনটা হতে পারে। যদি আমরা আগামী বছর একটা ভ্যাকসিন পেয়ে যাই তাহলে আমি মনে করি আগামী বছরের অলিম্পিক হওয়ার সম্ভাবনাটা বাস্তবসম্মত হবে। ভ্যাকসিনটাই খেলাটা পালটে দেবে, কার্যকর, সাশ্রয়ী ও সহজলভ্য এমন ভ্যাকসিন। তবে সেটা না হলে অলিম্পিক হওয়াটা অবাস্তব কিছুই হয়ে পড়বে।’

তবে পিছিয়ে দিয়ে পরিস্থিতি বিবেচনার সিদ্ধান্তটা ঠিকই ছিল অলিম্পিক কর্তৃপক্ষের, অভিমত দেবীর। তিনি বলেন, ‘আমি মনে করি, ‘আমরা খেলাটাকে এক বছর পিছিয়ে দিচ্ছি এবং পুনরায় বিবেচনার জন্যে সময় নিচ্ছি’ বলে তারা সঠিক সিদ্ধান্তই নিয়েছে।’