ধান কাটা নিয়ে উত্কণ্ঠায় হাওরের কৃষক

করোনা আতঙ্কে শ্রমিক সংকট

মদন (নেত্রকোনা) সংবাদদাতা

মদনে বোরো ফসল কাটার শ্রমিকের সংকট দেখা দিয়েছে। এ নিয়ে উত্কণ্ঠায় হাওরের কৃষকরা। পাকা-আধাপাকা ধানে ভরে গেছে হাওর। দেশি জাত ধানের সঙ্গে বিআর-২৮ জাতের ধানও কাটা শুরু হয়েছে।  বহু প্রত্যাশিত ধান ঘরে তুলতে করোনা আতঙ্কের মধ্যে কৃষান-কৃষানিরা ব্যস্ত ধানের কাজে।

মেঘলা আকাশ বা বৃষ্টি হলেই তাদের চেহারাটা হয় ফ্যাকাসে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রতিবছর শ্রমিক আসলেও এবার করোনা পরিস্থিতির কারণে আর আসেনি। শ্রমিক সংকটের কারণে সময়মতো ফসল ঘরে তোলা নিয়ে উদ্বিগ্ন কৃষকরা। স্থানীয় কৃষক আরিফুর রহমান, কালাম মিয়া জানান, গত কয়েকদিন ধরেই আগাম জাতের ধান কাটা হয়ে গেছে। কিন্তু আমরা করোনার ভয়ে আছি। শেষ পর্যন্ত সবকিছু ঠিকঠাক থাকলে এবারও বাম্পার ফলন হবে। হাওরাঞ্চলের সব ধান কাটা-মাড়াই শেষ হয় মাত্র একমাসের মধ্যে। কিন্তু  শ্রমিক সংকটের কারণে এ ধান সময়মতো ঘরে তুলতে পারব কিনা তা নিয়ে সংশয়ে আছি। কৃষি কর্মকর্তা মো. নাজমুল হাসান বলেন, এরই মধ্যে হাওরে বোরো ধান কাটা শুরু হয়েছে। শ্রমিকরা যাতে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে ধান কাটতে পারে এ বিষয়ে পরার্মশ দেওয়া হয়েছে। গত বছরের তুলনায় এবার শ্রমিক কম এসেছে। কিন্তু গত বছরের চেয়ে আমরা ধান কাটার মেশিন বেশি দিয়েছি। কৃষি বিভাগের পক্ষ থেকে ৫০% পরিশোধের মাধ্যমে ১৫টি ধান কাটার মেশিন দেওয়া হয়েছে। তবে পানির জন্য ভয়ে আছি।  আর এক সপ্তাহ পেলে হাওরের ধান কৃষকরা সংগ্রহ করতে পারবে।