ঢাকা থেকে শ্রমিকরা এলাকায় ফেরায় বাড়ছে আতঙ্ক

তানোর (রাজশাহী) সংবাদদাতা

ঢাকা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলা থেকে কর্মরত শ্রমিকরা করোনার ঝুঁকি নিয়ে ফিরতে শুরু করেছে তানোর উপজেলার বিভিন্ন এলাকায়। গত তিন দিনে উপজেলায় শতাধিক শ্রমিক ঢাকাসহ বিভিন্ন এলাকা থেকে তানোরে এসেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ফলে প্রশাসনসহ স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রোজি আরা খাতুন বলেন, আমরা ৯৫ জনকে হোম কোয়ারেন্টাইনে রেখেছি। শনিবার ঢাকাফেরত ৯ জন শ্রমিকসহ বাধইড় ও কলমা ইউনিয়নের বিল্লি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাতিষ্ঠানিক হোম কোয়ারেন্টাইনে ১৪ জনকে রাখা হয়েছে। এ পর্যন্ত তানোরে কোনো করোনা পজেটিভ রোগী পাওয়া যায়নি।

তানোর থানার ওসি রাকিবুল হাসান বলেন, ঢাকা ও নারায়ণগঞ্জ বা অন্য জেলা থেকে এসেছেন এমন লোকজনের তালিকা করা হয়েছে। ইতিমধ্যেই থানার পুলিশ ঐসব বাড়িতে অভিযান পরিচালনা করে তাদের হোম কোয়ারেন্টাইন মানতে নির্দেশ দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুশান্ত কুমার মাহাতো বলেন, সঙ্গরোধ নিশ্চিত না হলে প্রাতিষ্ঠানিক সঙ্গরোধের ব্যবস্থা নিতে আমরা প্রস্তুত।