জয়পুরহাটে আলুর বাম্পার ফলন

ভালো দাম পাওয়ায় খুশি কৃষক

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে চলতি ২০১৯-২০ মৌসুমে আলুর উত্পাদন হয়েছে ৯ লাখ ৪৬ হাজার ৭০০ মেট্রিক টন। আলু চাষের উপযোগী আবহাওয়া ও প্রাকৃতিক কোনো সমস্যা না থাকায় এবার আলুর বাম্পার ফলন হয়েছে। এদিকে আলুর দাম ভালো পাওয়ায় কৃষকরাও খুশি।  জেলা কৃষি সম্প্রসাণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ স ম মেফতাহুল বারি জানান, জেলায় আলু চাষ সফল করতে কৃষক পর্যায়ে প্রশিক্ষণসহ উপসহকারী কৃষি কর্মকর্তারা সার্বক্ষণিক মনিটরিং ও কৃষকদের পরামর্শ দেন। এছাড়া বিএডিসির পক্ষ থেকে কৃষকদের মধ্যে উন্নতজাতের আলু বীজ সরবরাহ করা হয়। আর ফেব্রুয়ারি মাসে শৈতপ্রবাহে আলু খেতের যাতে ক্ষতি না হয় সেজন্য কৃষক পর্যায়ে পরামর্শ দেওয়ার পাশাপাশি মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তারা সার্বক্ষণিক তদারকি করেন। এদিকে অন্যান্য বছর আলু তোলার সময় দাম কমে ছয়/সাত টাকা কেজি দরে বিক্রি হলেও এবার বাজারে আলু প্রকারভেদে ২০ থেকে ২৫ টাকা পর্যন্ত কেজি বিক্রি হওয়ায় কৃষকরা খুশি বলেও জানান তিনি।