ইন্দুরকানী (পিরোজপুর) সংবাদদাতা
ইন্দুরকানীতে শনিবার করোনা রোগী সন্দেহে এক ভবঘুরে যুবককে জঙ্গল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মুহাম্মদ আল মুজাদ।
ঐ দিন উপজেলার পাড়েরহাটের লাহুরি থেকে যুবকের কথা ইউএনওকে জানান স্থানীয়রা। খবর পেয়ে তিনি ডাক্তার নিয়ে ঘটনাস্থলে গিয়ে ঐ যুবককে উদ্ধার এবং নিজ গাড়িতে করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে কোভিট ১৯ এর পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করান। পরে আবার ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে যুবকের জামা-কাপড় ও হাসপাতালের আইসোলেশনে থাকার ব্যবস্থা করেন। এ সময় তার সঙ্গে ছিলেন ইন্দুরকানী থানার ওসি হাবিবুর রহমান ও ইউপি চেয়ারম্যান গোলাম সরোয়ার বাবুল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ জানান, ভবঘুরে যুবকের জঙ্গলে পড়ে থাকার খবর পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে চিকিত্সার ব্যবস্থা করি। যুবকটি নিজের নাম ঠিকানা কিছুই বলতে পারছে না। তার করোনা ভাইরাসের কিছু লক্ষণ রয়েছে। তাই নমুনা সংগ্রহ করে আইসোলেশনে রাখা হয়েছে।