পরামর্শ দিবেন বিশেষজ্ঞ চিকিত্সকরা
ইত্তেফাক রিপোর্ট
আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দলের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির উদ্যোগে ৭৫ বিশেষজ্ঞ চিকিত্সক নিয়ে ‘মোবাইল স্বাস্থ্যসেবা টিম’ চালু করা হয়েছে। করোনা পরিস্থিতিতে মোবাইল ফোনে সার্বক্ষণিক তারা সেবা প্রদান করবেন। গাইনি, ইউরোলজি এবং কিডনি, কার্ডিওলজি, শিশু বিশেষজ্ঞ, জেনারেল সার্জন, ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন ও আইসিইউ বিশেষজ্ঞ, অর্থোপেডিক সার্জন, ইএনটি অনকোলজিস্ট, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ, নাক, কান ও গলা রোগ বিশেষজ্ঞ, নিউরো মেডিসিন বিশেষজ্ঞ চিকিত্সকদের নিয়ে এ টিম গঠন করা হয়েছে।
এ প্রসঙ্গে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ও উপ-কমিটির সদস্য সচিব সুজিত রায় নন্দী বলেন, দলীয় সভানেত্রীর পক্ষ থেকে ও দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্দেশনায় ৭৫ সদস্য বিশেষজ্ঞ এ টিমে আমি এবং দলের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা তত্ত্বাবধায়ন করছি। করোনা ভাইরাস সংকটজনিত পরিস্থিতিতে মোবাইল ফোনে সার্বক্ষণিক চিকিত্সাসেবা প্রদানের লক্ষ্যে চিকিত্সা বিজ্ঞানের বিভিন্ন শাখায় অভিজ্ঞতাসম্পন্ন ৭৫ জন চিকিত্সকের সমন্বয়ে একটি চিকিত্সাসেবা প্রদান টিম গঠন করা হয়েছে।
উপ-কমিটির সূত্র জানায়, উক্ত টিমে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক (ইউরোলজি এবং কিডনি ট্রান্সপ্লান্ট সার্জন) ডা. তৌহিদ মোহাম্মদ সাইফুল হোসেন এবং সহকারী অধ্যাপক (কার্ডিওলজি) ডা. আরিফুল ইসলাম জোয়ারদার (টিটো)। প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন একই বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের কনসালট্যান্ট ডা. শেখ ফয়েজ আহমেদ। এছাড়াও সমন্বয়কের দায়িত্ব পালন করছেন জাতীয় হূদেরাগ ইনস্টিটিউট হাসপাতালের রেজিস্ট্রার (কার্ডিওলজি) ডা. মাহমুদুল হাসান মাসুম, ডা. মো. মোতাহার হোসেন চৌধুরী, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের শিশু বিশেষজ্ঞ ডা. সানজিদা আহমেদ এবং একই বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল সার্জন ডা. মো. হেলাল উদ্দিন। প্রধান সমন্বয়ক ডা. শেখ ফয়েজ আহমেদের (০১৭১৬৬০৬৯৯৬) মোবাইল নম্বরে যোগাযোগ করলেই যেকোনো বিশেষজ্ঞ ডাক্তারের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়াসহ প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন।