দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা
নবাবগঞ্জে মোন্না মিয়া মোন্নাফ ও মো. আলমাছ নামে দুই মাদক ব্যবসায়ীকে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে উপজেলার চৌরাস্তা থেকে তাদের আটক করা হয়। আটককৃত মোন্নাফ উপজেলার আলহাদীপুর গ্রামের মৃত ইরফান শিকদারের ছেলে ও মো. আলমাছ আজিজপুর গ্রামের মৃত শেখ করিমের ছেলে।
নবাবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. আজগর আলী জানান, শনিবার দুপুরে নবাবগঞ্জ সদর চৌরাস্তায় জনসমাগম রোধে চেকপোস্ট বাসানো হয়। তারা একটি প্রবক্স গাড়ি যোগে চৌরাস্তায় আসামাত্র পুলিশ দেখে দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে তাদের আটক করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশি করে দুই জনের কাছে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাদের থানায় নিয়ে আসা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশের এ উপপরিদর্শক।