করোনা ভাইরাস প্রতিরোধে ‘জাতীয় টাস্কফোর্ত্স’ গঠনের জন্য বিএনপির দাবি প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, মির্জা ফখরুল (বিএনপি মহাসচিব) জাতীয় টাস্কফোর্স গঠনের আহ্বান জানিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে এই মুহূর্তে জাতীয় টাস্কফোর্স গঠনের প্রশ্ন কেন, যেখানে প্রধানমন্ত্রী নিজেই উদ্যোগ নিয়ে জাতীয় কমিটি গঠন করেছেন এবং সেই কমিটি করোনা প্রতিরোধে সর্বাত্মক প্রয়াস চালিয়ে যাচ্ছে। পরামর্শ দেওয়ার নামে মানুষের মধ্যে বিভ্রান্তি না ছড়াতে বিএনপি নেতাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এখন একমাত্র ফোকাসই হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো। সবার সম্মিলিত প্রয়াস ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে এই সংকট উত্তরণ সম্ভব। গতকাল শনিবার দুপুরে রাজধানীর সংসদ ভবনস্থ সরকারি বাসভবনে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সরকার মেডিক্যাল টাস্কফোর্স গঠন করেছে করোনা ভাইরাসের নতুন ভ্যাকসিন আবিষ্কারের জন্য। মির্জা ফখরুল জাতীয় টাস্কফোর্স বলতে কি বোঝাতে চান? এর ব্যাখ্যাটা কি? তিনি পরিষ্কার করে কিছু বলেননি। এটা কি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কোনো বিষয়? মির্জা ফখরুল কি কিছু দিন পর আবার জাতীয় দুর্যোগ টাস্কফোর্সের কথা বলবেন? তারপর জাতীয় সরকার গঠনের কথা বলবেন?
করোনা ভাইরাস প্রতিরোধে শেখ হাসিনার সরকার সর্বাত্মক প্রয়াস চালিয়ে যাচ্ছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সরকারের কোনো ভুল হলে ভালো পরামর্শ দিলে আপত্তি নেই। কিন্তু আজ সরকারের সমালোচনা করতে গিয়ে পরামর্শের নামে বিভিন্ন বক্তব্য দিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানো কোনো দায়িত্বশীল রাজনৈতিক নেতার কাজ বলে মনে করি না। এসময় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে ঘরে থাকতে সবার প্রতি আহ্বান জনিয়ে তিনি বলেন, আমরা আপনাদের পাশে আছি। ইনশাল্লাহ এ সংকট মোকাবিলা করে জয়ী হবো।
ঘোষিত প্রণোদনা প্যাকেজ নিয়ে বিএনপি নেতারা রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন বলেও দাবি করেন সেতুমন্ত্রী। তিনি বলেন, সরকারের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়িয়ে রাজনৈতিক ফায়দা লোটার জন্য প্রণোদনা প্যাকেজ নিয়ে বিএনপি বিরূপ মন্তব্য করা শুরু করেছে। এসময় শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ জনগণের পাশে দাঁড়িয়ে করোনা ভাইরাস প্রতিরোধে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও উল্লেখ করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, আমরা এই দুর্যোগের মধ্যে কাদা ছোড়াছুড়িতে লিপ্ত হতে চাই না। তারপরও বিএনপি নেতারা ঘরবন্দি খেটে খাওয়া মানুষের পাশে না দাঁড়িয়ে প্রতিদিন সংবাদ সম্মেলন ডেকে একের পর এক মিথ্যাচার ও বিভ্রান্তিমূলক মন্তব্য করে জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টির অপপ্রয়াস চালাচ্ছেন।