বাজিতপুরে ইশাদ আলী (৫০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল বাজিতপুর উপজেলার সরারচর বাজারে এ ঘটনা ঘটে। ইশাদ নিকলীর আঠাবাড়িয়া গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্র জানায়, ইশাদ আলীর সঙ্গে তার স্ত্রীর বড়ো ভাই আহাম্মদ আলীর বাড়ি দখল ও কাঁঠাল পাড়া নিয়ে বিরোধ ও মামলা চলছিল। গতকাল ইশাদ সরারচর বাজারে গেলে প্রতিপক্ষের লোকজন তাকে কুপিয়ে আহত করে। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। বাজিতপুর থানার ওসি মো. খলিলুর রহমান পাটোয়ারী জানান, ইশাদ আলীর মৃতদেহ ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে। গতকাল সন্ধ্যা পর্যন্ত নিহতের পরিবার এজাহার দায়ের করেনি। এজাহার পেলে হত্যা মামলা নেওয়া হবে। আসামিদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।