হোসেনপুরে তরুণীকে গণধর্ষণ, আটক ৩

কিশোরগঞ্জের হোসেনপুরে এক তরুণী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত তিন জনকে আটক করেছে পুলিশ। এক জন এখনো পলাতক রয়েছে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার সাহেদল এলাকায় একটি বেকারিতে কাজ করত ঐ তরুণী। করোনা ভাইরাস প্রাদুর্ভাবে সম্প্রতি বেকারিটি বন্ধ হয়ে যায়। গত শুক্রবার সন্ধ্যার দিকে বেকারির কর্মচারী জাহাঙ্গীর আলম বেকারিতে কাজ আছে বলে মেয়েটিকে ডেকে নিয়ে যায়। তার কথা অনুযায়ী মেয়েটি গিয়ে বেকারি বন্ধ দেখতে পায়। রাতে বাড়ি ফেরা নিরাপদ নয়, এমন কথা বলে জাহাঙ্গীর মেয়েটিকে নিয়ে পার্শ্ববর্তী জিনারী গ্রামে তার পরিচিত তারা মিয়ার বাড়িতে যায়। পরে সেখান থেকে পাশের একটি জঙ্গলে নিয়ে রাত ২টার দিকে জাহাঙ্গীর আলম, তারা মিয়া, জামান ও সুমন নামে চার জন মিলে মেয়েটিকে ধর্ষণ করে। খবর পেয়ে পুলিশ গতকাল শনিবার দুপুরে মেয়েটিকে উদ্ধার করে। একই সঙ্গে অভিযুক্ত তিন জনকে আটক করে। তবে অভিযুক্ত সুমন নামে আরেক জন পালিয়ে যায়।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, অভিযুক্ত তিন জনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।