বিশেষ প্রতিনিধি
করোনার প্রাদুর্ভাবের সময় স্বাস্থ্যকর্মী সেজে নমুনা সংগ্রহ বা আক্রান্ত রোগী শনাক্তে বাসায় প্রবেশের ঘটনায় ডাকাতির তথ্য পেয়েছে পুলিশ। সম্প্রতি টাঙ্গাইলে এমন ঘটনার পর সবাইকে সতর্ক করা হয়েছে। গতকাল শনিবার এক বার্তায় পুলিশ কর্মকর্তাদের এ সংক্রান্ত বার্তা পাঠায় ঢাকা জেলা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলার পুলিশ সুপার মারুফ হোসেন সরদার।
বার্তায় লেখা রয়েছে, বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সারাদেশে সরকারের ঘোষিত সাধারণ ছুটি চলাকালীন সময়ে রাজধানীসহ জেলায় পিপিই পরে ডাক্তার, স্বাস্থ্যকর্মী সেজে বাড়িতে ডাকাতির কথা শোনা যাচ্ছে। এমন পরিস্থিতির মুখোমুখি হলে বাসার মূল গেট না খুলে দ্রুত কাছের থানায় বিষয়টি জানানোর পরামর্শ দিয়েছে ঢাকা জেলা পুলিশ।
পুলিশ সুপার মারুফ হোসেন সরদার জানান, সম্প্রতি টাঙ্গাইলে এ ধরনের একটি ঘটনার তথ্য পেয়েছি, তাই আমরা পুলিশ সদস্য ও ঢাকা জেলাবাসীকে সতর্ক করে একটি বার্তা দিয়েছি।
তিনি আরো বলেন, সামনে রমজান আসছে। অনেকে রাত পর্যন্ত জেগে থাকবেন। তাই এই সুযোগে অপরাধীরা মাস্ক-অ্যাপেপ্রান পরে স্বাস্থ্যকর্মী সেজে অন্যের বাড়িতে প্রবেশ করতে পারে। এজন্য আগাম সতর্কতা নিয়েছি আমরা। রাতে পুলিশের টহল বাড়ানো হয়েছে।