বিশেষ প্রতিনিধি
করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে নিরাপদ শারীরিক দূরত্ব নিশ্চিতে রাজধানীর ধানমন্ডি-২৭ নম্বর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র্যাব)। এসময় বাইরে অহেতুক ঘোরাঘুরির দায়ে ১৮ জনকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল শনিবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ধানমন্ডি-২৭ নম্বরে আড়ংয়ের সামনে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ বসুর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
পলাশ বসু জানান, করোনার সংক্রমণ ঠেকাতে সবার ঘরে থাকা নিশ্চিত করতে সরকার ছুটি ঘোষণা করেছে; কিন্তু অনেকে কোনো কারণ ছাড়াই স্বাস্থ্যবিধি না মেনে ঘর থেকে বের হয়ে রাস্তায় চলাফেরা করছেন। অনেকে ফাঁকা সড়কে অহেতুক গাড়ি নিয়ে ঘুরতে বের হয়েছেন। এদের মধ্যে কারো কারো মুখে মাস্ক ছিল না, অনেকক্ষেত্রে গাড়ির পেছনে জায়গা থাকার পর ড্রাইভারের সঙ্গে বসেছেন। কেন বের হয়েছেন জিজ্ঞাসা করলে, ঘরে ভালো লাগছিল না বলে জানান অনেকেই। এসব কারণে ১৮ জনকে সর্বমোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তবে, অভিযান চলাকালীন অনেককেই রাস্তায় থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। যারা বের হওয়ার যৌক্তিক কারণ দেখাতে পেরেছেন তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে।