ব্রিটেনে ১০ লাখ করোনার টিকা প্রস্তুত, আগামী সপ্তাহে মানবদেহে প্রয়োগ

ইত্তেফাক রিপোর্ট

মহামারি করোনা ভাইরাসে দিশেহারা গোটা বিশ্ব। প্রতিটি মানুষ এই দশা থেকে রেহাই পেতে অপেক্ষা করছেন ভ্যাকসিন বা টিকার জন্য। সবার অসীম কৌতূহল—‘কবে আসবে করোনা ভাইরাসের টিকা?’ ইতিমধ্যে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা সেপ্টেম্বরে করোনা ভাইরাসের টিকা বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছেন। তার আগে আগামী সপ্তাহেই যুক্তরাজ্যে মানবদেহে এই টিকা প্রয়োগ করা হবে। পরীক্ষামূলকভাবে যাদের দেহে এই টিকা প্রয়োগ করা হবে তারাও প্রস্তুত আছেন।

সায়েন্স ফোকাস ও স্কাই নিউজের খবরে বলা হয়েছে, পরীক্ষার আগেই অবশ্য ঝুঁকি নিয়ে এই টিকার ডোজ তৈরি করে রাখা হচ্ছে। যদি ফল ভালো আসে তাহলে প্রাথমিকভাবে সেগুলো বাজারে ছাড়া হবে। আর সফলতা না আসলে পুরোটাই পানিতে যাবে। যদিও এই ধরনের টিকার ব্যাপারে বিজ্ঞানীরা আগেই নিশ্চিত করে কিছু বলতে পারেন না। কিন্তু করোনা ভাইরাসের এই টিকাটি সফল হওয়ার ব্যাপারে বিজ্ঞানীরা ৮০ শতাংশ আশাবাদী। সে কারণে সেপ্টেম্বর পর্যন্ত তারা ১০ লাখ ডোজ উত্পাদন করবে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আদ্রিয়ান হিল এ বিষয়ে স্কাই নিউজকে বলেন, ‘করোনা ভাইরাসের টিকার জন্য বিশ্ব আসলে আর অপেক্ষা করতে পারছে না। কবে তারা শুনতে পাবে যে করোনা ভাইরাসের টিকা সফলভাবে প্রয়োগ করা হয়েছে। সেটা মানবদেহে কাজ করেছে। আগামী সপ্তাহেই আমরা মানবদেহে করোনার টিকা প্রয়োগ করব। অবশ্য তার আগেই আমরা উত্পাদন শুরু করেছি। প্রথমে আমরা ৩ লিটারের ডোজ তৈরি করব। এরপর ৫০ লিটার, ১০০ লিটার, ২০০ লিটার এমনকি ২০০০ লিটারও উত্পাদন করা হবে। প্রাথমিকভাবে যেটা উত্পাদন করছি সেটা অবশ্য আমরা ঝুঁকি নিয়েই করছি। কারণ, যদি টিকা মানবদেহে এই ভাইরাসের বিরুদ্ধে কাজ না করে তাহলে কেউ কিন্তু এগুলো কিনবে না। তবে আমরা সফলতার ব্যাপারে ৮০ শতাংশ আশাবাদী। টিকা যদি কাজ করে তাহলে আমাদের লক্ষ্য হবে আগামী সেপ্টেম্বরের মধ্যে এক মিলিয়ন (১০ লাখ) ডোজ তৈরি করে বাজারজাত করা। তখন অবশ্য এর চাহিদা অনেক বাড়বে।

গোটা বিশ্বের জন্য কোটি কোটি ডোজ প্রয়োজন হবে। হয়তো চলতি বছরের শেষ দিকে সেটাও সম্ভব হবে লকডাউন থেকে বিশ্বকে মুক্তি দিতে। টিকার ডোজ তৈরির ব্যাপারে ইতিমধ্যে যুক্তরাজ্যের তিনটি ও বিভিন্ন দেশের বেশ কয়েকটি উত্পাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। পাশাপাশি বিশ্ববিদ্যালয়টির বিশেষজ্ঞ ও গবেষকরা নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছে টিকাটির উন্নয়নে। এই দলে এমন বিজ্ঞানী ও গবেষক রয়েছেন যারা মার্স ভাইরাসের টিকা তৈরি করেছিলেন। করোনা ভাইরাসের এই টিকা তৈরির জন্য যুক্তরাজ্যের সরকার অক্সফোর্ডের বিজ্ঞানীদের ২ দশমিক ২ মিলিয়ন পাউন্ড (২৩৩ কোটি ৫৯ লাখ টাকা) দিয়েছে। যেটার মাধ্যমে তারা টিকা তৈরি, মানবদেহে প্রয়োগ, টিকার উন্নয়ন ও উত্পাদন করছে।