স্পোর্টস ডেস্ক
গোলরক্ষক ম্যানুয়েল নয়্যারের সঙ্গে চুক্তি নবায়নের কথা চলছে বায়ার্ন মিউনিখের। তবে চুক্তির আলোচনা গণমাধ্যমে চলে আসায় ক্লাবের ওপর চটেছেন জার্মান এই গোলরক্ষক।
২০১১ সালে শালকে থেকে বায়ার্নে যোগ দেয়ার পর থেকে ক্লাবটির হয়ে ১৮টি শিরোপা জিতেছেন নয়্যার। আগামী মৌসুমে চুক্তির শেষ বছরে পা দেয়া এই গোলরক্ষককে আরো দুই বছরের জন্য দলে রাখতে চায় বায়ার্ন। কিন্তু নয়্যার চাইছেন পাঁচ বছরের চুক্তি, এমনটাই দাবি জার্মান সংবাদ মাধ্যমের। দুই পক্ষের দরকষাকষি গণমাধ্যমে চলে আসাই নয়্যারের ক্ষোভের কারণ।
জার্মান পত্রিকা বিল্ডকে দেয়া এক সাক্ষাত্কারে নয়্যার ক্লাবের প্রতি ক্ষোভ ঝেড়েছেন। জানিয়েছেন ক্লাবের পক্ষ থেকে এমন আচরণের সঙ্গে মোটেও অভ্যস্ত নন তিনি, ‘২০১১ সালে এখানে আসার পর থেকে ক্লাবের সঙ্গে যত রকমের আলোচনাই হয়েছে আমার সেটা যথেষ্ট গোপনীয়তা মেনেই হয়েছে। কোনো কিছুই এখান থেকে বের হয়নি। কিন্তু এখন আলোচনার বর্তমান অবস্থা চলে যাচ্ছে গণমাধ্যমে যা এমনকি সত্যও নয়! এটা আমাকে রাগান্বিত করছে। এমন বায়ার্নের সঙ্গে পরিচিত নই আমি।’ তিনি আরো যোগ করেন, ‘আমি যতদিন ফিট আছি ততদিন খেলে যেতে চাই। কিন্তু আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটা হচ্ছে বিশ্বাস। আমার পাঁচ বছরের চুক্তি চাওয়া যে অবাস্তব ব্যাপার তা আমার কাছেই পরিষ্কার। আমার বয়স ৩৪ আর ৩৯ বছরে আমি কেমন খেলব তা এখনই বলে দিতে পারছি না আমি। গণমাধ্যমে যা রটেছে, এ কারণে সেসব ভিত্তিহীন।’