হকিতে ভিডিও কনফারেন্স
স্পোর্টস রিপোর্টার
গাছের ফুল গাছেই শুকিয়ে যাচ্ছে। করোনার ভয়াবহতায় কেউ আর ফুল খোঁজে না। যেখানে জীবন নিয়ে টানাটানি
সেখানে ফুলের খবর কে রাখে। ফুলের খবরও কেউ রাখে না, খেলার খবরও কেউ রাখে না। তারপরও খেলার সঙ্গে জড়িতরা মানবতার কাজে এগিয়ে আসতে চায়। বাফুফে, বিসিবি নানাভাবে এগিয়ে এসেছে। বিসিবি তাদের খেলোয়াড়দের সহযোগিতা করছে, বাফুফে প্রতিদিন দরিদ্রদের মধ্যে খাবার বিতরণ করছে। করোনার আগ্রাসনে বিপন্ন মানবজীবন, হকি ফেডারেশন তাদের মানবিকতার দুয়ার খুলতে একজোট হয়েছে। হকির অসচ্ছল মানুষদের পাশে থাকতে চায়। ক্ষুদ্র পরিসরে হলেও আপাতত অসচ্ছলদের সহযোগিতা করতে চায়। সেই উদ্যোগ বাস্তবায়ন করতে গতকাল বাংলাদেশ হকি ফেডারেশন ভিডিও কনফারেন্স করে। ফেডারেশনের সভাপতি ও বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত ফেডারেশন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে আলোচনা করেছেন কিভাবে দুস্থ প্লেয়ার, কোচ, আম্পায়ারদের সহযোগিতা করা যায়। এমন কথা জানিয়েছেন ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ। তিন জানিয়েছেন নিজস্ব উদ্যোগে একটা ফান্ড গঠন করে যদি ১০০ জনকে সহযোগিতা করা যায় তাহলে খুবই ভালো হবে। তিনি বলেন, ‘সভাপতি সাহেব, আমি, তিনসহ সভাপতি রশিদ সিকদার, জাকি আহমেদ রিপন, সাজিদ আদেল, যগ্মসম্পাদক কামরুল ইসলাম কিসমত, কোষাধ্যক্ষ হুমায়ুন ভিডিও কনফারেন্সে আলোচনা করেছি।’
মানবিক সহযোগিতার আলোচনা ছাড়াও এবছর ঢাকায় অনুষ্ঠিতব্য দুটি আন্তর্জাতিক হকি টুর্নামেন্ট নিয়েও কথা হয়েছে গতকাল। জুনে অনূর্ধ্ব-২১ হকি টুর্নামেন্ট এবং নভেম্বরে চাম্পিয়ন্স ট্রফি হওয়ার কথা ছিল। প্রথমটি স্থগিত করেছে এশিয়ান হকি ফেডারেশন। দ্বিতীয়টির ভবিষ্যত্ও অন্ধকারে।