করোনা ভাইরাসের প্রকোপে গৃহবন্দি সারা বিশ্বের মানুষ। দুশ্চিন্তার মধ্যে হলেও পরিবারের সঙ্গে সময়টা ভালোই কাটছে সকলের। অস্ট্রেলিয়ার বিধ্বংসী ওপেনার ডেভিড ওয়ার্নারের একটি নাচের ভিডিও কিন্তু তেমনটাই বলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি অ্যাপস ‘টিকটক’-এ করা একটি ভিডিও টুইটারে শেয়ার করেছেন ওয়ার্নার। ভিডিওতে টিকটকের গানের সঙ্গে তাল মিলিয়ে ওয়ার্নার ও তার মেয়ে নাচলেন। আর গানটি ছিল ভারতের সুপারহিট ‘শিলা কি জাওয়ানি’। ভারতীয় সংস্কৃতির সঙ্গে মিল রেখে নিজের মেয়েকে ভারতীয় পোশাকও পরিয়েছেন ওয়ার্নার। বলিউডের নায়িকাদের মতো দারুণভাবে নাচেন ওয়ার্নারের মেয়েও। টুইটারে পোস্ট করা ভিডিওর ক্যাপশনে ওয়ার্নার লিখেছেন, ‘ইন্ডি, আপনাদের জন্য এটা করতে বলেছে।’