বরিশালে ১০ ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা

বরিশাল অফিস

বরিশালে সরকারি আদেশ অমান্য করে দোকান খোলা রাখায় ১০টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া অকারণে ঘুরাফেরা করায় দুই মোটরসাইকেল আরোহী ও সরকারি কাজে বাধা সৃষ্টির দায়ে দুই ব্যক্তিকে মোট ২৯ হাজার টাকা জরিমানা করেছে পৃথক ভ্রাম্যমাণ আদালত। এ সময় পালিয়ে যাওয়ায় নগরীর ফলপট্টি এলাকায় একটি ইলেক্ট্রনিক দোকান সিলগালা করে দেওয়া হয়।

রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা র্যাবের সহায়তায় এবং অপর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতাউর রাব্বী পুলিশের সহায়তায় নগরীর বিভিন্ন এলাকায় এই অভিযান চালায়। নগরীর কাউনিয়ায় দুই আরোহীকে জরিমানা এবং ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম মোবাইল ফোনে ভিডিও করার দায়ে এক ব্যক্তিকে, একই এলাকায় দোকান খোলা রাখায় এক দোকানীকে, নতুনবাজারে তিন দোকানকে, চৌমাথা এলাকায় দোকান খোলা রাখায় তিন দোকানিকে, ফলপট্টিতে দুই দোকানকে জরিমানা করা হয়। এ সময় ফলপট্টিতে একটি দোকান সিলগালা করে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা। অপরদিকে পুলিশের সহায়তায় মো. আতাউর রাব্বীর ভ্রাম্যমাণ আদালত নগরীর নথুল্লাবাদ এলাকায় মোটর সাইকেল নিয়ে ঘোরাফেরা করায় এক ব্যক্তিকে জরিমানা করে।