কুষ্টিয়া প্রতিনিধি
জালিয়াতির আশ্রয় নিয়ে কুষ্টিয়া জেলা প্রশাসকের পরিচয় ব্যবহার ও বিভিন্ন ডকুমেন্ট তৈরির পর তা ডিভাইসের মাধ্যমে অপপ্রচারের দায়ে আইসিটি মামলায় বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে গ্রেফতার করা হয়েছে।
মীর মনিরা (২২) ঢাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করেন। শনিবার সহকারী কমিশনার মুছাব্বেরুল ইসলাম বাদী হয়ে মীর মনিরাকে একমাত্র আসামি করে কুষ্টিয়া মডেল থানায় মামলা করেন।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা য়ায়, মীর মনিরা নামের ঐ ছাত্রী কুষ্টিয়ার জেলা প্রশাসক পরিচয় ব্যবহার করে বিভিন্ন ডকুমেন্ট তৈরি করেন এবং তা ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে প্রচার করেন। এছাড়া বিভিন্ন সময়ে মানুষকে ঐ নারী ভয়-ভীতিও দেখিয়ে আসছিলেন। বিষয়টি জেলা প্রশাসকের দৃষ্টিগোচর করা হলে ছাত্রী মীর মনিরার পরিচয় শনাক্ত করেন এবং তাকে কুষ্টিয়ার জেলা প্রশাসক তলব করেন।
কুষ্টিয়া মডেল থানার ওসি গোলাম মোস্তফা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত মামলায় মীর মনিরাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।