খুলনা মেডিকেল কলেজের (খুমেক) আরো দুইজন শিক্ষক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। রবিবার খুলনা মেডিকেল কলেজের পলিমার চেইন রিঅ্যাকশন (পিসিআর) মেশিনে নমুনা পরীক্ষায় তাদের করোনা পজেটিভ ধরা পড়ে। করোনা আক্রান্ত খুমেকের দুইজন শিক্ষক হলেন, গ্যাসট্রোলজি বিভাগের সহযোগী অধ্যাপক রণজিৎ কুমার বণিক ও শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডা. ওমর ফারুক ফয়সাল। এ নিয়ে খুলনা মেডিক্যাল কলেজের তিন শিক্ষক করোনায় আক্রান্ত হলেন।
খুলনা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আবদুল আহাদ জানান, গতকাল রবিবার খুলনা মেডিক্যাল কলেজের পিসিআর মেশিনে ২০১জনের নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে খুলনা মেডিক্যাল কলেজের গ্যাসট্রোলজি বিভাগের সহযোগী অধ্যাপক রণজিৎ কুমার বণিক ও শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডা. ওমর ফারুক ফয়সালের করোনা পজেটিভ ধরা পড়া। বাকি ১৯৯জনের নেগেটিভ এসেছে।
তিনি বলেন, বর্তমানে ওই দু’জন শিক্ষক খুমেকের গেস্ট হাউজে চিকিৎসাধীন রয়েছেন। তবে, তাদের নগরীর বয়রাস্থ করোনা ডেটিকেটেড হাসপাতালে (ডায়াবেটিক হাসপাতাল) নিয়ে চিকিৎসা দেওয়া হবে। এর আগে গত শনিবার খুমেকের পিসিআর মেশিনে ইউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মাসুদ আহমদের করোনা পজিটিভ ধরা পড়ে। এছাড়া গত ১৪ এপ্রিল খুলনা খুলনা মহানগরীর করিমনগর এলাকার একজনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছিল। তিনি বর্তমানে বাড়িতেই চিকিৎসাধীন রয়েছেন।
উল্লেখ্য, গত ৭ এপ্রিল থেকে রবিবার পর্যন্ত খুমেকের পিসিআর মেশিনে ৮২৮টি নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে ৭ জনের করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে।
ইত্তেফাক/জেডএইচডি