করোনা ভাইরাস (কোভিড-১৯) মহামারির হাত থেকে মানুষের জীবন বাঁচাতে দেশেই ভেন্টিলেটর তৈরির উদ্যোগ নিয়েছে মিনিস্টার। ভেন্টিলেটর তৈরির এই প্রক্রিয়ায় মিনিস্টারকে সহযোগিতা করছে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগ, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইসহ কয়েকটি সরকারি-বেসরকারি হাসপাতাল ও বুয়েটের কয়েক জন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার।
সম্প্রতি এক অনলাইন সাক্ষাত্কারে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘বিশ্বখ্যাত মেডিক্যাল যন্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান মেডট্রনিকের সহায়তায় মিনিস্টারসহ কয়েকটি দেশীয় ইলেকট্রনিকস পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ভেন্টিলেটর তৈরিতে এগিয়ে এসেছে। স্বল্পতম সময়ের মধ্যে দেশে ভেন্টিলেটর উত্পাদন হবে। এ ব্যাপারে আমরা ভীষণভাবে আশাবাদী।’ চলমান কার্যক্রম নিয়ে মিনিস্টার হাইটেক পার্ক ইলেকট্রনিকস লিমিটেডের চেয়ারম্যান এম এ রাজ্জাক খান (রাজ) বলেন, ‘আগামী সপ্তাহে আমরা ১০০ ইউনিট ভেন্টিলেটর উত্পাদন করব। এরপর ৫০০, ১০০০ এবং পরবর্তী সময়ে চাহিদা অনুযায়ী এটি আমরা উত্পাদন করব। এখানে আমাদের ব্যাবসায়িক কোনো উদ্দেশ্য নেই, বরং আমরা এই ভেন্টিলেটর সরবরাহের মাধ্যমে দেশের মানুষের সেবা করতে চাই।’ —প্রেস বিজ্ঞপ্তি