জাতীয় সংসদের চিফ হুইপ ও মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী লিটনের নির্বাচনীয় এলাকায় কেউ না খেয়ে থাকবে না। এরই মধ্যে চিফ হুইপের পক্ষ থেকে ৩০ হাজারের বেশি মানুষের কাছে ত্রাণসামগ্রী পৌঁছিয়ে দিয়েছেন উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এবং জেলা আওয়ামী লীগ। এছাড়াও ৫ হাজারের বেশি মানুষের কাছে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছে বিভিন্ন বেসরকারি ও অরাজনৈতিক সংগঠন ও প্রতিষ্ঠান। এবার চিফ হুইপের নির্দেশে কাঁঠালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী মোহসেন উদ্দিন সোহেল বেপারি তার নিজস্ব অর্থায়নে আরো ২৩০০ পরিবারের মধ্যে এ ত্রাণসামগ্রী বিতরণ করেন। গত শনিবার ভোর থেকে শুরু করে রবিবার এ রিপোর্ট লেখা পর্যন্ত তিনি কাঁঠালবাড়ী ইউনিয়নের ৯টি ওয়ার্ডে অসহায় ও মধ্যবিত্ত পরিবারের ঘরে ঘরে গিয়ে ত্রাণসামগ্রী ও নগদ টাকা বিতরণ করেন। ত্রাণের প্যাকেটের মধ্যে ছিল ১০ কেজি চাউল, দুই লিটার তেল, দুই কেজি আলু, এক কেজি পেঁয়াজ, এক কেজি লবণ, এক কেজি ডাল, দুইটি সাবান, একটি মাস্ক ও কিছু নগদ টাকা।
সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী বলেন, আমার এলাকার জন্য ১৭৩ মেট্রিকটন চাল মজুদ আছে। পৌরসভায় আরো ৩ মেট্রিকটন মজুদ আছে। সুতরাং এই এলাকার মানুষের খাবার নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। নিজ এলাকার ত্রাণ কার্যক্রমে সরকারি কর্মকর্তা এবং স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। সেই সঙ্গে নিজ এলাকায় চিকিত্সাসেবা চালিয়ে যাওয়া স্বাস্থ্যকর্মী ও চিকিত্সকদেরও ধন্যবাদ জানান চিফ হুইপ। তিনি জানান, স্থানীয় পর্যায়ে ২০ বেডের একটি আইসোলেশন কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।