পঞ্চগড় জেলার সদর উপজেলার রতনীবাড়ি প্রধানপাড়া সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনীর (বিএসএফ) গুলিতে শিমুন রায় (১৬) নামে এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। সে রতনীবাড়ি প্রধানপাড়া গ্রামের পরেশ চন্দ্র রায়ের ছেলে। সে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে। বিজিবি ও প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার বিকালে শিমুন রায়সহ কয়েকজন নিজেদের পাট খেত জাল দিয়ে ঘেরা দিচ্ছিল। এ সময় ভারতের খয়েরবাড়ী সীমান্ত ফাঁড়ির টহলরত বিএসএফ সদস্যরা ঘটনাস্থলে এসে বেড়া দিতে নিষেধ করে। এতে উভয়ের মধ্যে বাগিবতণ্ডার এক পর্যায়ে এক বিএসএফ সদস্য শিমুনকে খুব কাছে থেকে পেটের মধ্যে গুলি করে চলে যায়। বিএসএফের গুলি পেট দিয়ে ঢুকে পিঠ দিয়ে বেরিয়ে যায়। গুলিতে শিমুনের ভুঁড়ি বেরিয়ে যায়। এ খবর পেয়ে এলাকাবাসী তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বিজিবির নীলফামারী ৬৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মামুনুল হক জানান, আমরা খবর পেয়ে বিএসএফের বক্তব্য নেওয়ার চেষ্টা করছি। এ ঘটনায় বিএসএফকে প্রতিবাদপত্র পাঠিয়ে পতাকা বৈঠকের আহ্বান জানানোর প্রক্রিয়া চলছে। পতাকা বৈঠকের পর প্রকৃত তথ্য জানানো যাবে।