ঋতু পরিবর্তনের সময় মানুষের সর্দি-কাশি, ঠান্ডাজ্বরে আক্রান্ত হওয়ার হার বেড়ে যায়। তার সঙ্গে মাথাব্যথা, শরীরব্যথা, দুর্বলতা দেখা দেয়। এ সময়ে কিছু নিয়মকানুন মেনে চললে খুব সহজেই সর্দি-কাশি, জ্বর থেকে মুক্তি পাওয়া যায়। সর্দি লাগলে দিনে কয়েকবার গরম পানির ভাপ নিতে হবে। কুসুম গরম পানি পান করতে হবে। ঠান্ডা পানি একেবারেই পান করা যাবে না। ঠান্ডা লাগলে হাঁচি, কাশি, ঘামের কারণে শরীর থেকে অতিরিক্ত পানি বের হয়ে যাওয়ায় পানিশূন্যতা তৈরি হয়। যার কারণে দুর্বলতা কাজ করে। পানিশূন্যতা দূর করতে দিনে ১০-১২ গ্লাস পানি পান করতে হবে। এছাড়াও আদা ও লেবু দিয়ে চা পান করলে কাশি ভালো হতে সাহায্য করে। কুসুম গরম পানিতে লেবু ও মধু খেলে সর্দি-কাশি থেকে সহজে আরোগ্য লাভ করা যায়। সর্দি সারাতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবার তালিকায় ভিটামিন সি-যুক্ত খাবার রাখতে হবে। লেবু, কমলা, পেয়ারা, জাম্বুরা, বরই, আমলকি, কাঁচামরিচক ভিটামিন সি-যুক্ত খাবার। ভিটামিন ডি-যুক্ত খাবারও খেতে হবে। কারণ ভিটামিন ডির অভাবে শ্বাসতন্ত্রের বিভিন্ন সমস্যা দেখা দেয়, ঠান্ডার সমস্যাও বেড়ে যায়। তাই ঠান্ডা লাগলে প্রতিদিন সকাল ১০টা থেকে ২টার মধ্যে সূর্যের আলোয় শরীর ১৫-২০ মিনিট রাখতে হবে ভিটামিন ডির অভাব পূরণের জন্য। পাশাপাশি মাখন, সামুদ্রিক মাছ, কডলিভার অয়েল, ডিমের কুসুম, দুখ খেতে হবে প্রতিদিন।
লেখক : পুষ্টি বিশেষজ্ঞ।