সিংগাইর উপজেলার পত্রিকার হকার মো. শহিদুল্লাহর পাশে দাঁড়িয়েছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সায়েদুল ইসলাম। তিনি সাংবাদিকদের মাধ্যমে জানতে পেরে শনিবার সন্ধ্যায় শহিদুল্লাহর বাড়িতে ছুটে যান এবং ১০ কেজি চাল, এক কেজি ডাল, দুই কেজি আলু, এক কেজি পেঁয়াজ, এক কেজি লবণ ও নগদ ৫০০ টাকা তার হাতে তুলে দেন। আগামীতে প্রয়োজনে আরো খাদ্যসামগ্রী দেবেন বলেও তিনি আশ্বাস দেন। পত্রিকা হকার শহিদুল্লাহ পৌরসভার ঘোনাপাড়া মহল্লায় ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। সিংগাইর ডিগ্রি কলেজ শাখার ছাত্রলীগের সহসভাপতি ও কলেজছাত্র সংসদ নির্বাচনে কার্যকরি পরিষদের সদস্য ছিলেন তিনি। বর্তমানে পৌর আওয়ামী লীগের প্রচার সম্পাদক। শহিদুল্লাহ অভাবের তাড়নায় লেখাপড়ায় এগুতে না পেরে ধারদেনা করে আজ থেকে ২০ বছর আগে পত্রিকা হকারের ব্যবসা শুরু করেন। সেই থেকেই চলছে তার কর্মময় জীবন। ভূমিহীন হিসেবে সরকার থেকে লিজ নেওয়া একখণ্ড জমিতে তিনি বসবাস করছেন। ছেলেমেয়ে নিয়ে ছয় সদস্যের পরিবার।
পত্রিকা বিক্রি করে যে আয় হয়, তাতে কোনো রকমে সংসার চলে যায়। করোনার প্রাদুর্ভাব শুরু হলে মার্চ মাসের মাঝামাঝিতে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে সরকারি অফিস-আদালত,বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে পত্রিকা দেওয়া বন্ধ হয়ে যায়। ফলে দিন এনে দিন খাওয়া পরিবারটি হতাশ হয়ে পড়ে। একই চিত্র উপজেলার অন্য হকারদেরও।