গত ৯ এপ্রিল হোম কোয়ারেন্টাইন শেষ হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। বর্তমানে করোনা পরিস্থিতির অবনতির কারণে তার সঙ্গে পরিবারের দুই-এক জন সদস্য ছাড়া আর কেউ দেখা করার সুযোগ পাচ্ছেন না। দলের নেতাকর্মীদের দেখা করার বিষয়ে নিষেধাজ্ঞা আগের মতোই। পরিস্থিতির উন্নতি হলে হয়ত বা ঈদে সীমিত পরিসরে দলের নেতাকর্মীদের সাক্ষাত্ দিতে পারেন তিনি। তবে বর্তমানে তার সঙ্গে সাক্ষাতের পুরো বিষয়টি নির্ভর করছে স্বজনদের ওপর। অসুস্থার বিষয়ে ডাক্তারের পরামর্শ মেনে চলছেন। তার সঙ্গে রয়েছেন গৃহকর্মী ফাতেমা বেগম এবং নার্স। তারাই দেখভাল করছেন তার।
বর্তমান অবস্থা সর্ম্পকে তার ব্যক্তিগত চিকিত্সক বলেন, ম্যাডাম অসুস্থ। তার চিকিত্সা জরুরি। কিছু পরীক্ষা-নিরীক্ষা করা প্রয়োজন। কিন্তু সার্বিক পরিস্থিতি এমন যে, এখন এটিও সম্ভব হচ্ছে না। তিনি বলেন, পত্রবধূ জোবাইদা রহমানের তত্ত্বাবধানে তার ব্যক্তিগত চিকিত্সকদের সঙ্গে পরামর্শ করে চিকিত্সা চলছে। যেহেতু দীর্ঘদিন ধরে নানা জটিল সমস্যায় ভুগছেন তিনি, তাই ভালো হতে সময় লাগবে।