সিলেটের হাসপাতালের জন্য পররাষ্ট্রমন্ত্রীর কাছে পিপিই হস্তান্তর

সিলেটের হাসপাতালগুলোর চিকিত্সক ও স্বাস্থ্যকর্মীদের জন্য প্রায় সাড়ে ৭০০ পিপিই দিল বাংলাদেশ প্রাইভেট মেডিক্যাল কলেজ অ্যাসোসিয়েশন ও ওয়ালটন। গতকল রবিবার ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে বাংলাদেশ প্রাইভেট মেডিক্যাল কলেজ অ্যাসোসিয়েশনে সভাপতি মুবিন খান ও ওয়ালটনের প্রতিনিধি এ পিপিইসমূহ পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের কাছে হস্তান্তর করেন।

সিলেটের ওসমানী মেডিক্যাল কলেজ, শহীদ শামসুদ্দীন হাসপাতাল, হার্ট ফাউন্ডেশন, কিডনি ফাউন্ডেশন ও বক্ষব্যাধি হাসপাতালে এ পিপিইসমূহ প্রদান করা হবে। পিপিইর মধ্যে কেএন-৯৫ মাস্ক, ক্যাটেগরি-৩ টাইরয়েড স্যুট, সার্জিকাল গ্লাভ্স, গগজ, স্যু কাভার ইত্যাদি অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া ওয়ালটনের পক্ষ থেকে কিছু পৃথক হেডশীল ও হেড গিয়ার প্রদান করা হয়।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, আজ ফরেন সার্ভিস ডে। আজ থেকে ৪৯ বছর আগে মুজিবনগরে প্রথম বাংলাদেশ সরকার গঠিত হওয়ার পরের দিন কলকাতার ডেপুটি হাইকমিশনার আলী হোসেনের নেতৃত্বে ৬৫ জন বাঙালি কর্মকর্তা-কর্মচারী পাকিস্তানের পতাকা নামিয়ে বাংলাদেশের পতাকা স্থাপন করেন। আমি বিশ্বাস করি আমরা বিজয়ের জাতি। আমরা যখন দেশবাসী এক হয়েছি, আমরা ৭১ সালে যেভাবে দেশকে মুক্ত করতে পেরেছিলাম, সেভাবে এদেশ থেকে করোনামুক্ত করতে সক্ষম হব। ড. মোমেন বলেন, সরকারি ও সেসরকারি সংস্থা মিলিতভাবে করোনা ভাইরাস মোকাবিলায় কাজ করছে। এটা অত্যন্ত আশাব্যঞ্জক বাংলাদেশ প্রাইভেট মেডিক্যাল কলেজ অ্যাসোসিয়েশন ও ওয়ালটনের মেডিক্যাল সামগ্রী প্রদানের মতো কার্যক্রমের মাধ্যমে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব বৃদ্ধি পাচ্ছে।