চার প্রতিষ্ঠানকে জরিমানা

বেশি দামে জীবাণুনাশক বিক্রি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন না করার অপরাধে গতকাল রবিবার রাজধানীতে অভিযান চালিয়ে চার প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মোবাইল টিম। অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আবদুল জব্বার মন্ডল। অভিযানে সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য অপেক্ষা বেশি দামে হ্যান্ড স্যানিটাইজার, হেক্সিসল এবং হ্যান্ড গ্লাভস বিক্রি করার অপরাধে আরামবাগের রাস ফার্মাকে ১০ হাজার টাকা, ক্যাশ অ্যান্ড ক্যারি ফার্মাকে ১০ হাজার টাকা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন না করে প্রতারণা করার অপরাধে এজিবি কলোনির প্রতিদিন ডিপার্টমেন্ট স্টোরকে ১ হাজার টাকা, ছাপা ডিপার্টমেন্ট স্টোরকে ১ হাজার টাকাসহ চার প্রতিষ্ঠানকে মোট ২২ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় হ্যান্ডমাইকে পণ্যের মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন করা, অধিক মূল্যে উক্ত পণ্য বিক্রি থেকে বিরত থাকা এবং করোনাকে কেন্দ্র করে অতি মুনাফা লাভ থেকে বিরত থাকতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানানো হয়।