কক্সবাজারের টেকনাফ সীমান্তে ‘বন্দুকযুদ্ধে’ এক মাদক কারবারি নিহত এবং দুই বিজিবি জওয়ান আহত হয়েছে। ঘটনাস্থল হতে ২ লাখ ইয়াবার একটি বস্তা, একটি দেশীয় অস্ত্র, একটি কিরিচ ও গুলির একটি খালি খোসা পাওয়া যায়।
সূত্র জানায়. শনিবার দিবাগত রাত ১২টার পর টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের শাহপরীর দ্বীপ বিওপির বিশেষ টহল দল গোলার চরে যায়। কিছুক্ষণ পর তিন-চার জন লোক নিয়ে একটি নৌকা চরে ভিড়লে বিজিবি জওয়ানেরা মাদক কারবারি সন্দেহে তাদের চ্যালেঞ্জ করে। তখন তারা লাফ দিয়ে চরে নেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তাদের ধাওয়া করলে ঐ ব্যক্তিরা বিজিবি জওয়ানদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এতে নায়েক আবুল হোসেন ও সিপাহী আতিক হোসেন আহত হন। তখন বিজিবি জওয়ানেরা আত্মরক্ষার্থে পালটা গুলিবর্ষণ করলে তারা অন্ধকারে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ এক ব্যক্তিকে উদ্ধার করে চিকিত্সার জন্য টেকনাফ উপজেলা সদর হাসপাতালে নেওয়া হয়। আহত ব্যক্তি সাবরাং নয়াপাড়ার জেবর মুল্লুকের পুত্র জাফর আলম (৩০) বলে নিজের পরিচয় দেয়। সেখানে তাকে প্রাথমিক চিকিত্সা দিয়ে উন্নত চিকিত্সার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করলে সেখানে চিকিত্সাধীন অবস্থায় সে মারা যায়। মৃতদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।
টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি) জানান, তদন্তসাপেক্ষে হামলাকারীদের বিরুদ্ধে অবৈধ মাদক কারবারে সম্পৃক্ত এবং সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগ এনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।