সবার ওপরে টেলর

একদিন আগ পর্যন্তও বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার টেস্টে সর্বোচ্চ রানের মালিক ছিলেন জিম্বাবুয়ের অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা। গতকাল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন সেই রেকর্ড ছাড়িয়ে যান ব্রেন্ডন টেলর। দিনের শেষ বেলায় মেহেদী হাসান মিরাজের বলে সুইপ করতে গিয়ে তাইজুল ইসলামের হাতে দর্শনীয় এক ক্যাচে পরিণত হওয়ার আগে করেন ১১০ রান। ১৯৪ বলের এই ইনিংসে ছিল ১০টি চার। ১০ ম্যাচের ১৯টি ইনিংস শেষে বাংলাদেশের বিপক্ষে ডানহাতি এই ব্যাটসম্যানের সংগ্রহ ৯৩৩ রান। দ্বিতীয় স্থানে থাকা হ্যামিল্টন মাসাকাদজাও সমান ১৯টি ইনিংস খেলে করেছেন ৮৫৮ রান। বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ রান করেছেন মুশফিকুর রহিম। আট টেস্টের ১৫ ইনিংস শেষে তার রান ৬৩৬।  এরপরে আছেন হাবিবুল বাশার সুমন (৬৩৬) ও মুমিনুল হক সৌরভ (৫৫৪)।