বিনোদন রিপোর্ট
প্রয়াত সংগীতব্যক্তিত্ব বশির আহমেদ ২০১১ সালে একটি ‘প্রার্থনা সংগীত’ রচনা এবং সুরারোপ করেছিলেন। কিন্তু রেকর্ড করে যেতে পারেননি। তবে তুলে দিয়ে গিয়েছিলেন কন্যা হুমায়রা বশির ও পুত্র রাজা বশিরের কণ্ঠে। ‘মওলা জানে আল্লাহ জানে...’ শিরোনামের সেই প্রার্থনা সংগীতটি সম্প্রতি রেকর্ড হয়েছে ভাইবোনের কণ্ঠেই। গত এপ্রিল ছিল বশির আহমেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী। এই উপলক্ষেই বাবাকে উত্সর্গ করে গানটি করেছেন তারা। তাদের হোম স্টুডিও সারগাম সাউন্ড স্টেশনে রাজা বশিরের সংগীতায়োজনের ধারণ করা হয় গানটি। আধ্যাত্মিক ধারার এই গানে অস্ট্রেলিয়া থেকে গিটার বাজিয়েছেন স্টিভ শংকর। শুধু শিল্পীই নন, বশির আহমেদ একজন গানের ওস্তাদ, সুরকার ও গীতিকার ছিলেন। মেয়ে হুমায়রা বশির বলেন, ‘সারা পৃথিবীর এখন যে অবস্থা তাতে মহান আল্লাহর দরবারে সবার প্রার্থনা করা ছাড়া উপায় নেই। সেই বিবেচনা থেকে আল্লাহর রহমত প্রত্যাশা করেই আব্বুর রেখে যাওয়া গানটি আমরা ভাইবোন মিলে গাইলাম। আশা করি শুনলে সবাই মুগ্ধই হবেন। গত ১৯ তারিখ গানটি আমরা সারগাম সাউন্ড স্টেশন ইউটিউব চ্যানেলে রিলিজ করেছি।’ এদিকে মৃত্যবার্ষিকী উপলক্ষে পারিবারিকভাবেই দোয়া ও প্রার্থনা করেছেন তারা।