অসহায়দের পাশে আইসাম কোরেশী

স্পোর্টস ডেস্ক

জনহিতকর কাজে পাকিস্তানের টেনিস তারকা আইসাম উল হক কোরেশীর আগ্রহ বহু আগ থেকেই। করোনা ভাইরাসের কারণে কর্মহীনতা সৃষ্টি হওয়ায় স্থানীয় দিনমজুররা যখন বড়ো বিপদে, তখন তিনি এগিয়ে আসবেন না তা কী করে হয়? নিজের পাকিস্তানভিত্তিক সংগঠন স্টপ ওয়ার স্টার্ট টেনিসের পক্ষ থেকে একটি করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ব্যাগ বিলিয়ে দিয়েছেন ১ হাজার প্রান্তিক পরিবারের মধ্যে।

পাকিস্তানভিত্তিক সমাজসেবী সংগঠন রিজক ফাউন্ডেশনের মাধ্যমে প্রান্তিক লোকজনের কাছে রেশন পৌঁছে দেওয়ার কাজটি করেছেন তিনি। পাকিস্তানি টেনিস তারকা বলেন, ‘আমাদের করোনা ভাইরাস থেকে মুক্ত রাখার জন্যে ডাক্তার, নার্স, মেডিক্যাল স্টাফ, সেনাবাহিনী, নিরাপত্তারক্ষী বাহিনী ও সাংবাদিকরা সামনে থেকে কাজ করে যাচ্ছেন। পেছনের কাজটা একটা জাতি হিসেবে আমাদেরই করতে হবে, অভাবী মানুষের পাশে এসে দাঁড়াতে হবে এবং নিশ্চিত করতে হবে এ কঠিন সময়েও যেন কেউ অভুক্ত না থাকে।’

আইসামের ‘স্টপ ওয়ার স্টার্ট টেনিস’ উদ্যোগ আরো আগ থেকেই বহির্বিশ্বের মনোযোগ আকর্ষণ করেছে। অনেকবারই ‘এটিপি এইসেস’ এর পক্ষ থেকে অনুদান পেয়েছে। এছাড়াও নিজের জনহিতকর সব কাজের কারণে ২০০২ সালে আমির হাদাদ আর ২০১০ সালে দীর্ঘদিনের টেনিস কোর্টের সঙ্গী রোহান বোপান্নার সঙ্গে মিলে অর্জন করেছিলেন আর্থার অ্যাশ বর্ষসেরা মানবিক টেনিস খেলোয়াড়ের খেতাবও।