স্পোর্টস ডেস্ক
এই সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি। আবার সাবেক পাকিস্তানি ক্রিকেটার সাকলায়েন মুশতাক ছিলেন নিজের সময়ের অন্যতম সেরা স্পিনার। কেউ কেউ তাকে পাকিস্তানের ইতিহাসেরই অন্যতম সেরা মানেন।
দুই জনের মুখোমুখি হওয়ার বিন্দুমাত্র সম্ভাবনা না থাকলেও সাকলায়েন ‘চ্যালেঞ্জ’ ছুড়ে দিলেন ভারতীয় অধিনায়ককে। পাকিস্তানের হয়ে ৪৯টি টেস্ট ও ১৬৯টি ওয়ানডে খেলা এই কিংবদন্তি মনে করেন, কোহলিকে আউট করতে পারবেন তিনি।
এক সাক্ষাত্কারে তিনি বলেন, ‘আমি বিরাট (কোহলি) ও (ডেভিড) ওয়ার্নারের বিপক্ষে বোলিং করতে চাই। সবার আগে নিজের ওপর বিশ্বাস রাখতে হবে। কোহলি বা ওয়ার্নারকে যারা বোলিং করছেন তাদের বিশ্বাস রাখতে হবে যে তাদের আউট করতে পারবে। আমি নেটে বেন স্টোকস ও জো রুটকে বোলিং করেছি, তাদের আউটও করেছি। আমি আত্মবিশ্বাসী যে এখনো যদি বিরাটকে বোলিং করতে পারি তবে তাকে আউট করতে পারব। এখন তো আর মাঠে নামতে পারব না। কারণ আমি বুড়ো হয়ে গেছি। দ্বিপক্ষীয় সিরিজও হচ্ছে না। কিন্তু কোনো দিন যদি আমি বিরাটকে বোলিং করার সুযোগ পাই তাহলে আমি ওকে আউট করব। বিরাটকে এটা আমার চ্যালেঞ্জ।’