ক্রিকেটারদের আইসিসির সতর্কবার্তা

স্পোর্টস ডেস্ক

করোনা ভাইরাসের প্রকোপে থমকে গেছে বিশ্ব। অন্যদের মতো লকডাউন বা কার্ফিউতে গৃহবন্দি সময় কাটাচ্ছেন বিশ্ব ক্রিকেটের তারকারা। তবে এর মধ্যেও খেলোয়াড়দের জুয়াড়িদের ব্যাপারে সতর্ক থাকতে বললো ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

বিশ্ব ক্রিকেট থমকে আছে অনেকদিন হতে চললো। কোথাও নেই কোনো ধরনের ক্রিকেট ম্যাচ। ঘরোয়া কিংবা আন্তর্জাতিক সব ধরনের খেলাই বন্ধ। কিন্তু এর মধ্যেও ক্রিকেটারদের ফিক্সিং নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন আইসিসির দুর্নীতি দমন ইউনিটের প্রধান।

গেল মাস থেকে সব ধরনের ক্রিকেটই বন্ধ রয়েছে। প্রথম শ্রেণি ক্রিকেট, ফ্র্যাঞ্চাইজি বা আন্তর্জাতিক ম্যাচ সহসাই মাঠে গড়ানোর কোনো নিশ্চয়তাও নেই।

কিন্তু আইসিসির দুর্নীতি দমন ইউনিটের প্রধান অ্যালেক্স মার্শাল মনে করেন, এটি ভাবা ঠিক হবে না যে, বর্তমান পরিস্থিতিতে জুয়াড়িরা চুপচাপ থাকবে। তাদের অপরাধী কার্যক্রম হ্রাস পাবার কোনো লক্ষণ নেই। কারণ এর মধ্যেও তারা নিজের কার্যক্রমগুলো সম্পন্ন করতে পারে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সুযোগে ক্রিকেটারদের সঙ্গে ব্যক্তিগত পর্যায়ে সম্পর্ক গড়ার নাকি চেষ্টা চালাচ্ছেন ক্রিকেট জুয়াড়িরা। যাতে পরবর্তীতে ম্যাচ ফিক্সিং করানো যায়। বেশ কয়েকজন ফিক্সারের ওপর নজর রেখে এমন তথ্য পাওয়া গেছে বলেছেন মার্শাল।

শীর্ষস্থানীয় ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানকে মার্শাল বলেন, ‘কোভিড-১৯ হয়তো আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটকে সাময়িক বিরতি দিয়েছে কিন্তু দুর্নীতিবাজরা এখনো সক্রিয় রয়েছে। তারা ভাইরাসের চেয়ে কোনো অংশেই কম নয়। তবে সদস্য দেশ, খেলোয়াড়, খেলোয়াড়দের সমিতি-এজেন্টদের সঙ্গে আমরা কাজ করছি।’

বর্তমানে ক্রিকেট স্থগিতের কারণে খেলোয়াড়দের আয় হ্রাসে প্রভাব পড়তে পারে বলে মনে করেন ইংল্যান্ডের সাবেক পুলিশ প্রধান মার্শাল। তার মতে, তুলনামূলক কম বেতনের খেলোয়াড়দের ফিক্সিং করে দুর্বল করার সুযোগ তৈরি হতে পারে।

তিনি বলেন, ‘আমরা এই সময়ে চিহ্নিত দুর্নীতিবাজদের কার্যকলাপ পর্যবেক্ষণ করছি। যখন খেলোয়াড়রা সামাজিক যোগাযোগ মাধ্যমে আগের চেয়ে বেশি থাকে, তাদের সম্পর্ক তৈরি করা ও যোগাযোগের চেষ্টা করতে পারে তারা। এ ব্যাপারে আমরা আমাদের সদস্য, খেলোয়াড়দের অবগত করছি এবং তাদের এর বিপদ সম্পর্কে সচেতন করছি যাতে ক্রিকেট মাঠে না থাকলেও তারা নিজেদের ছোটো না করে।’