আফগান প্রেসিডেন্ট প্রাসাদের ৪০ কর্মী করোনায় আক্রান্ত

প্রেসিডেন্ট আশরাফ ঘানি আক্রান্ত হয়েছেন কি না, সে বিষয়েও কিছু জানা যায়নি

 বিবিসি

আফগানিস্তানের প্রেসিডেন্ট প্রাসাদে কর্মরত বহু কর্মীর করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। প্রাথমিকভাবে ২০ জনের আক্রান্ত হওয়ার খবর প্রকাশ হয়েছিল, কিন্তু রবিবার মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস সংখ্যাটি ৪০ জনে দাঁড়িয়েছে বলে জানায়। এ বিষয়ে আফগানিস্তানের সরকার কোনো মন্তব্য করেনি এবং প্রেসিডেন্ট আশরাফ ঘানি আক্রান্ত হয়েছেন কি না, সে বিষয়েও এখন পর্যন্ত কিছু জানা যায়নি।

একজন আফগান সরকারি কর্মকর্তা আন্তর্জাতিক একটি বার্তা সংস্থাকে বলেছেন, ‘প্রেসিডেন্সিয়াল প্রাসাদের ২০ জনেরও বেশি লোক কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন। আতঙ্ক ছড়িয়ে পড়া রুখতে ঘটনাটি গোপন রাখা হয়েছে।’ বৃহস্পতিবার প্রেসিডেন্সিয়াল প্রাসাদ থেকে প্রকাশ করা একটি টুইটার পোস্টে প্রেসিডেন্ট ঘানিকে ভিডিও লিংকের মাধ্যমে মন্ত্রিসভার একটি বৈঠকে সভাপতিত্ব করতে দেখা গেছে। অবশ্য তার পর থেকে ঐ অ্যাকাউন্টে বেশ কিছু ছবি শেয়ার করা হয়েছে, যেখানে দেখা গেছে, কিছুটা দূরত্ব বজায় রেখে প্রেসিডেন্ট সরাসরি ইরানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন।

আফগানিস্তানের সীমিত পরীক্ষার ব্যবস্থা ও কয়েক দশক ধরে চলা যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যব্যবস্থার কারণে শনাক্ত হওয়ার সংখ্যা কম বলে ধারণা বিশেষজ্ঞদের। মার্চে করোনা ভাইরাসকবলিত ইরান থেকে দেড় লাখেরও বেশি আফগান দেশে ফিরে এসেছে। আরো হাজার হাজার আফগান ফিরেছে পাকিস্তান থেকে। এদের মাধ্যমে দেশটিতে নোভেল করোনা ভাইরাসের ব্যাপক বিস্তার ঘটার আশঙ্কা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।