স্টাফ রিপোর্টার, রংপুর
রংপুরে করোনাক্রান্তিতে বেড়ে চলেছে চুরি ও চাঁদাবাজিসহ নানা অপরাধ। গত সাত দিনে জেলার বিভিন্ন স্থানে বেশ কয়েকটি চুরির ঘটনা ঘটেছে। পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে ধরা পড়েছেন পীরগঞ্জ উপজেলার ছয় যুবক। আর লকডাউন অমান্য করে জুয়ার আসরে খেলতে গিয়ে বন্ধুদের হাতে প্রাণ গেছে এক শিক্ষার্থীর। এসব ঘটনায় পুলিশ অপরাধীদের গ্রেফতারও করেছে। হয়েছে বেশ কয়েকটি মামলা। তারপরও পাড়া-মহল্লার ছাত্রাবাস ও বাসা বাড়িতে বেড়েছে চোরের হানা।
কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ জানান, লালবাগ এলাকার একটি ছাত্রাবাসে চুরির ঘটনার অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।