মিঠাপুকুরে করোনায় আক্রান্ত আরো এক চিকিত্সক

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লকডাউন

মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা

রংপুরের মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরো একজন চিকিত্সকের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়ায় রবিবার সন্ধ্যায় ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি লকডাউন করা হয়েছে। ঐ স্বাস্থ্য কমপ্লেক্সের ছয় চিকিত্সককে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এছাড়াও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের নিয়ে একটি সভায় উপস্থিত থাকা ইউএনও, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ ২০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) আহসান কবির রনি জানান, এ ঘটনায় মোট ছয় জন চিকিত্সককে হোমকোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুল হাকিম ঘটনাটি নিশ্চিত করে বলেন, ‘সম্প্রতি করোনা ভাইরাস নিয়ে উপজেলা পরিষদ চত্বরে বেগম রোকেয়া অডিটরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানে আক্রান্ত ঐ চিকিত্সক উপস্থিত ছিলেন। আলোচনা অনুষ্ঠানে উপস্থিত থাকা উপজেলা নির্বাহী অফিসার মামুন ভুঁইয়া, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুল হাকিমসহ ২০ জনের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত থাকা আরো মানুষজনের নমুনা সংগ্রহ করা হবে। স্বাস্থ্য কমপ্লেক্সের দুই চিকিত্সকের করোনা পজেটিভ হওয়ায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লকডাউন করা হয়েছে বলে জানান তিনি’।