ইত্তেফাক রিপোর্ট
দেশের বাইরে চিকিত্সা, পড়াশোনা এবং ভ্রমণের খরচ পাঠানোর অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর আগে কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি ছাড়া কোনো টাকা পাঠানো সম্ভব ছিল না। বিদেশে আটকে পড়াদের ক্ষেত্রে ৩০ এপ্রিল পর্যন্ত অর্থ পাঠানোর সুযোগ দেওয়া হয়। এখন উভয় ক্ষেত্রে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত অনুমতি ছাড়া বিদেশে টাকা পাঠানোর এই সুবিধা অব্যাহত থাকবে। গতকাল সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ।
বৈদেশিক মুদ্রায় লেনদেনে নিয়োজিত ব্যাংকগুলোর কাছে পাঠানো ঐ প্রজ্ঞাপনে বলা হয়, করোনা ভাইরাসের কারণে বিদেশে অবস্থানরত বাংলাদেশিরা সমস্যায় পড়েছেন। তাই কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি ছাড়াই তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর অনুমতি দেওয়া হয়েছে। অনেক বাংলাদেশি বিদেশে গিয়ে বিভিন্ন কারণে আটকে পড়েছেন। তাদেরকে সহায়তার জন্য আর্থিক সরবরাহ নিশ্চিত করতে চায় কেন্দ্রীয় ব্যাংক। আগে এই সময়সীমা ৩০ এপ্রিল থাকলেও এটি বাড়িয়ে ৩০ জুন করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, বিদেশে অধ্যয়নরত শিক্ষার্থীদের টিউশন ফি, হোস্টেল ফি, স্বাস্থ্যবিমাসহ প্রয়োজনীয় খরচ পাঠানোর সুযোগ রয়েছে। বিদেশে যারা পড়াশোনা করছেন তাদের অধিকাংশের স্বাস্থ্যবিমা নেই। থাকলেও তা আংশিক।