গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা
গলাচিপায় কাটাখালী বাজারে রবিবার রাত সাড়ে ৮টার দিকে একটি অপহরণের ঘটনায় আসামি গ্রেফতারকে কেন্দ্র করে পুলিশ ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষে সাত জন পুলিশ ও দুই জন সংবাদকর্মীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতরা হলেন—গলাচিপা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. হুমায়ুন কবির, এসআই সহিদুল, গাজী ফজলুর রহমান, আল মামুন, এএসআই মেহেদী, শাহদাত্, রিয়াজ আহত হয়েছেন। এছাড়া মাইটিভির উপজেলা প্রতিনিধি হাসান এলাহী ও এশিয়ান টেলিভিশনের সাব্বির আহম্মেদ ইমনসহ অন্তত ১১ জন গ্রামবাসী আহত হয়েছেন।
পুলিশের ওপর হামলার ঘটনায় উপজেলার রতনদীতালতলী ইউনিয়ন যুব লীগের সভাপতি মো. রিয়াজ খলিফা (৩৫), জেলা ছাত্রলীগের সহসম্পাদক শাহরিয়ার সিফাত (২৫), খোকন (২২) ও আবদুর রশিদ (৫৫) নামের চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় রিয়াজ খলিফাকে প্রধান আসামি করে মোট সাত জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০-১৫ জনের নামে গলাচিপা থানার এসআই মো. সহিদুল ইসলাম বাদী হয়ে রবিবার রাতে একটি মামলা দায়ের করেন। গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, গলাচিপার রতনদীতালতলী ইউনিয়নের কাটাখালী এলাকায় অপহরণের আসামি গ্রেফতারকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলা করা হয়েছে।