চুনারুঘাটে ছুরিকাঘাতে যুবক খুন

চুনারুঘাট (হবিগঞ্জ) সংবাদদাতা

হবিগঞ্জের চুনারুঘাটে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে সজীব মিয়া নামে এক যুবক খুন হয়েছে। নিহতের বয়স অনুমান ২৫ বছর হবে। পুলিশ মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন। ১৯ এপ্রিল (রবিবার) রাত সাড়ে ৯টায় এখুনের ঘটনা ঘটে। নিহত সজীব মিয়া উপজেলার গাজীপুর ইউনিয়নের দিঘীরপাড় এলাকার উস্তার মিয়ার পুত্র। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে পাওয়া খবর, রবিবার বিকাল ৪টার দিকে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে একই এলাকার নূর হোসেনের পুত্র ফয়সল মিয়ার সঙ্গে সজীব মিয়ার বাগিবতণ্ডার জের ধরে ফয়সল মিয়া সজীবকে রাত সাড়ে ৯টার দিকে ছুরিকাঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় সে। সজীবকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন।