কোভিড-১৯ সংকটে মানসিক উদ্বেগে সেবা দিচ্ছে ‘মনের যত্ন মোবাইলে’

ব্র্যাক, পিএইচডব্লিউসি ও কান পেতে রই-এর উদ্যোগ

ইত্তেফাক রিপোর্ট

নতুন করোনা ভাইরাস বা কোভিড-১৯ মহামারিতে মানুষকে জরুরি মানসিক সেবা দিতে ব্র্যাক, সাইকোলজিক্যাল হেলথ অ্যান্ড ওয়েলনেস ক্লিনিক (পিএইচডব্লিউসি) এবং মানসিক সহায়তা হেল্পলাইন কান পেতে রই একটি টেলিকাউন্সেলিং প্ল্যাটফরম চালু করেছে। ‘মনের যত্ন মোবাইলে’ নামের এই প্ল্যাটফরমে কোভিড-১৯-এর কারণে মানসিক চাপ, উদ্বেগ, দুশ্চিন্তা ও হতাশায় আক্রান্ত ব্যক্তিদের সেবা দেওয়া হবে। গতকাল সোমবার থেকে এই প্ল্যাটফরম যাত্রা শুরু করেছে।

উদ্যোক্তারা জানান, দেশব্যাপী এই সেবা চলবে। করোনা ভাইরাসজনিত মহামারির কারণে মানসিকভাবে বিপর্যস্ত যে কেউ এই সেবা নিতে পারবেন। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত ০১৭০৯-৮১৭১৭৯ হটলাইন নম্বরে টেলিফোন করলেই সরাসরি বিশেষজ্ঞরা কথা বলবেন এবং প্রয়োজনীয় মতামত ও পরামর্শ দেবেন। ব্র্যাক ইনস্টিটিউট অব এডুকেশনাল ডেভেলপমেন্ট-এর নির্বাহী পরিচালক ড. ইরাম মারিয়াম বলেন, কোভিড-১৯-এর সংকটকালে যারা মানসিক যাতনার মুখোমুখি হচ্ছেন তাদের সেবা দিতেই আমাদের এই সম্মিলিত প্রচেষ্টা। লকডাউন, অনেক দিন ঘরবন্দি থাকা বা সামাজিক দূরত্বের নিয়মকানুন মানতে গিয়ে আমাদের মধ্যে অনেকেরই মানসিক চাপ সৃষ্টি হচ্ছে। অনেকেই আবার চাকরি বা উপার্জন হারানোর দুিশ্চন্তায় আক্রান্ত হচ্ছেন। 

করোনার সময়ে প্রাভার টেলিমেডিসিন সেবা

করোনা ভাইরাস সংক্রমণের এই সময়ে রোগীদের সেবা নিশ্চিতে একগুচ্ছ টেলিমেডিসিন প্রযুক্তি চালু করল প্রাভা হেলথ। করোনা ভাইরাস সংক্রমণের রোগ কোভিড-১৯-এর জন্য নিবেদিত বিশেষ টেলিফোন নম্বরের পাশাপাশি ভিডিও সংযোগের মাধ্যমে বাসায় থেকে প্রাভা চিকিত্সকদের পরামর্শ নিতে পারবেন রোগীরা। এই পদ্ধতিতে রোগী এবং চিকিত্সক দুই পক্ষই ভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে পারবেন বলে জানানো হয় প্রাভার পক্ষ থেকে। গতকাল এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রাভার পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। প্রাভা হেলথ দেশে পারিবারিক স্বাস্থ্যকেন্দ্র।

প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত প্রাভা হটলাইন (১০৬৪৮) নম্বরে ফোন করে নির্ধারিত প্রশ্নের উত্তর দিয়ে বিনামূল্যে করোনা ভাইরাস সম্পর্কিত পরামর্শ নিতে পারবেন রোগীরা। ফোন সংযোগে থাকাকালীন, প্রশ্নোত্তরে চিকিত্সক রোগীর অবস্থা জেনে নেবেন এবং স্বাস্থ্যবিধি তথ্য দেবেন। রোগীর উত্তরে করোনা সংক্রমণের অধিক ঝুঁকিপূর্ণ মনে হলে কোভিড-১৯ নিকটবর্তী করোনা পরীক্ষা কেন্দ্রের তথ্য প্রদান করা হবে। স্ক্রিনিং কলের পাশাপাশি, সব রোগীর জন্য ভিডিও পরামর্শ সেবা উন্মুক্ত করেছে প্রাভা। উদ্ভাবনী চিকিত্সাসেবা প্রসঙ্গে প্রাভা হেলথের প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী সিল্ভানা সিনহা বলেন, এই কঠিন সময়ে আমরা আমাদের চারপাশের মানুষকে ভালো রাখার অবদান রাখতে পারি।